✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৮:৫৯:২৬ |বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে নরওয়ে। জাপানের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত প্রত্যাবর্তনের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার মুখোমুখি হবে ইউরোপের দলটির। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে।
নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার শেষ ষোলোর লড়াই শেষে প্রতিপক্ষ চূড়ান্ত হয় ব্রাজিলের। তবে ইতিহাস বলছে, এই ম্যাচে কার্লো আনচেলত্তির দলের জন্য সহজ কিছু অপেক্ষা করছে না।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে নরওয়ে। চারবারের দেখায় ব্রাজিল একবারও জয় পায়নি। দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে বেবেতোর গোলে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। নরওয়ের হয়ে গোল করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।
দুই দলের বাকি তিনটি ম্যাচই ছিল প্রীতি ম্যাচ। ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করে তারা। ১৯৯৭ সালে নরওয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়। সবশেষ ২০০৬ সালের আগস্টে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
অবশ্য পরিসংখ্যান যতই নরওয়ের পক্ষে থাকুক, বর্তমান ফর্মে আত্মবিশ্বাসী ব্রাজিল। শুরুর ধাক্কা সামলে টুর্নামেন্টে ছন্দে ফিরেছে সেলেসাওরা। অন্যদিকে, আর্লিং হালান্ডের নেতৃত্বে দীর্ঘদিন পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত ফুটবল খেলছে নরওয়ে।
ইতিহাস নরওয়ের পক্ষে থাকলেও শেষ পর্যন্ত নিউ জার্সির মাঠে পারফরম্যান্সই নির্ধারণ করবে কে জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।