চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন সালাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৮:৫০:১৪ |

নকআউট পর্বের লড়াইয়ে নামার আগে সমর্থকদের জন্য সুসংবাদ দিয়েছে মিশর। হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা মোহামেদ সালাহর অনুশীলনে ফেরার কথা জানিয়েছে তারা। নকআউট ম্যাচে তাই তারকা এই ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

ডালাসে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে ওঠা মিশর। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু মাঠের লড়াই।

গত শনিবার বাংলাদেশ সময় সকালে শেষ গ্রুপ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ ড্র করে মিশর। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে টান লাগে সালাহর। ৫৭তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তখন থেকেই নকআউট পর্বে তাকে পাওয়া নিয়ে দানা বাঁধতে শুরু করে শঙ্কা।

মঙ্গলবার দলের অনুশীলন সেশনের একটি অংশে যোগ দেন সালাহ। তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মিশর শিবিরে। পরের ম্যাচে এই ফরোয়ার্ডকে পাওয়ার সম্ভাবনাও বেড়েছে।

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ফেইসবুক পেইজে পোস্ট করা কিছু ছবিতে সালাহকে হাসিমুখে অনুশীলন মাঠে দেখা গেছে। ছবিগুলোর ক্যাপশনে তারা লিখেছে, “দা কিং ইজ ব্যাক।”

৩৪ বছর বয়সী সালাহর এই প্রত্যাবর্তন মিশরের জন্য নিশ্চিতভাবেই এক দারুণ খবর। দলকে নকআউট পর্বে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। একটি গোল করার পাশাপাশি করেন দুটি অ্যাসিস্ট।

গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি মিশর। বেলজিয়ামের সমান ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে তারা গোল পার্থক্যে পিছিয়ে থাকায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..