চীনা দর্শকদের ভাষ্য, বিজ্ঞাপনের পুরুষ চরিত্রটি তার বর্তমান প্রেমিকাকে নিয়ে আপত্তিকর ও নারীবিদ্বেষী মন্তব্য করেছে। এরপর বিজ্ঞাপনে দেখা যায়, এ ধরনের ‘টক্সিক পুরুষদের বিরুদ্ধে সমাধান’ হিসেবে উপস্থাপন করা হয় ডেটলকে। মূলত এসব পুরুষকে ‘ব্যাকটেরিয়া বা জীবাণুর সঙ্গে’ তুলনা করা হয়েছে
চীনে একটি বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছে ব্রিটিশ জীবাণুনাশক ব্র্যান্ড ডেটল। কোম্পানিটির দাবি, ‘ক্ষতিকর মানসিকতার পুরুষদের’ সমালোচনা করতে বিজ্ঞাপনটি তৈরি করা হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নারীদের জন্য অবমাননাকর হিসেবে ব্যাপক সমালোচিত হয়। তীব্র প্রতিবাদের মুখে ডেটল কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
বিভিন্ন অনলাইন প্লাটফর্মে গত মাসের শেষের দিকে ডেটলের পাঁচ মিনিটের বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। চীনা দর্শকদের ভাষ্য, বিজ্ঞাপনের পুরুষ চরিত্রটি তার বর্তমান প্রেমিকাকে নিয়ে আপত্তিকর ও নারীবিদ্বেষী মন্তব্য করেছে। এরপর বিজ্ঞাপনে দেখা যায়, এ ধরনের ‘টক্সিক পুরুষদের বিরুদ্ধে সমাধান’ হিসেবে উপস্থাপন করা হয় ডেটলকে। মূলত এসব পুরুষকে ‘ব্যাকটেরিয়া বা জীবাণুর সঙ্গে’ তুলনা করা হয়েছে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই ডেটলের পণ্য বয়কটের ডাক দেন।
ব্র্যান্ডটির মালিকানা রয়েছে ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান রেকিটের হাতে। ব্যাপক সমালোচনার মুখে চলতি সপ্তাহে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় ডেটল।
কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, প্রচারণাটির উদ্দেশ্য ছিল সমাজে অসম লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ ও সম্পর্কের ক্ষেত্রে একটি সুস্থ ও আত্মবিশ্বাসী মনোভাব তৈরি করা। তবে অনলাইনে ছড়িয়ে পড়া এডিটেড বা সম্পাদিত কিছু ক্লিপের কারণে মূল বার্তাটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে।
ডেটল আরো জানায়, বিজ্ঞাপনটি একটি তৃতীয় পক্ষ বা বাইরের এজেন্সির মাধ্যমে তৈরি করা হয়েছিল। তবে কনটেন্ট তৈরি ও তা যাচাইয়ের ক্ষেত্রে যেকোনো গাফিলতির দায় কোম্পানি নিজের কাঁধে নিচ্ছে।
এ জাতীয় আরো খবর..