সর্বশেষ :

ভারতে মার্কিন এলপিজি আমদানি রেকর্ড ১০ লাখ টন ছাড়াতে পারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১৮:৫০:১৮ |
যুক্তরাষ্ট্র থেকে ভারতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি চলতি জুনে রেকর্ড ১০ লাখ টন ছাড়িয়ে যেতে পারে।

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত এখন বিকল্প ও ব্যয়বহুল উৎস থেকে এলপিজি সংগ্রহ করছে। সংশ্লিষ্ট খাতের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস রেকর্ডার।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আগে ভারত মোট এলপিজি আমদানির ৯০ শতাংশই নিত মধ্যপ্রাচ্য থেকে। প্রতি মাসে দেশটিতে প্রায় ২০ লাখ টন এলপিজির প্রয়োজন হয়। তবে যুদ্ধ ও অবরোধের কারণে গত এপ্রিলে ভারতের এলপিজি আমদানি কমে ৬ লাখ ৯৬ হাজার টনে নেমে যায়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের সাধারণ পরিবারগুলোয় রান্নার কাজে এলপিজি ব্যাপকভাবে ব্যবহার হয়। ফলে সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত সরকার বিকল্প ব্যবস্থা নেয়। যুদ্ধ শুরুর আগে ভারতের পরিকল্পনা ছিল মোট আমদানির মাত্র ১০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে নেয়ার। কিন্তু জলপথ বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের শোধনাগার কোম্পানিগুলো চড়া প্রিমিয়াম বা বাড়তি দামে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেট থেকে বিপুল পরিমাণ এলপিজি কিনতে বাধ্য হয়।

বাজার স্বাভাবিক রাখতে ভারত সরকার আরো কিছু পদক্ষেপ নিয়েছে। স্থানীয় শোধনাগারগুলোকে এলপিজি উৎপাদন সর্বোচ্চ করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বাসাবাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া দ্রুত করা হয়েছে। এতে ভারতের এলপিজি ব্যবহারের ওপর চাপ প্রায় ১৫-২০ শতাংশ কমে এসেছে বলে সূত্র জানিয়েছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত শোধনাগার কোম্পানির সূত্রগুলো জানায়, চলতি জুনে যুক্তরাষ্ট্র থেকে ১১-১২ লাখ টন এলপিজি ভারতে আসার পথে রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেও এ মাসে সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে। জুনে ওমান হয়ে আমিরাত থেকে প্রায় তিন-চার লাখ টন এলপিজি আসতে পারে। আমিরাতের জাতীয় তেল কোম্পানি ‘আডনক’ বিশেষ ব্যবস্থায় ওমানের সোহার বন্দর ব্যবহার করে জ্বালানি পাঠাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..