সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। তবে আলোচিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবসংক্রান্ত কোনো নথি এই তথ্য চুরির ঘটনায় খোয়া যায়নি।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা হিসেবে পরিচিত এই প্রস্তাব নিয়ে বিতর্ক রয়েছে। এ সপ্তাহে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইটকে শর্তসাপেক্ষে এসব নথি দেখার অনুমতি দেওয়া হয়েছিল। এজন্য তাকে গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়।
বিবিসি এক প্রতিবেদনে বলছে, ফিফার কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেমের দুর্বলতার কারণে এই হামলা হয়নি। বরং অপরাধীরা সংস্থাটির কর্মীদের পরিচয় ধারণ করে এবং তাদের সুযোগ নিয়ে নথিতে প্রবেশাধিকার পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে ফিফা জানায়, ‘অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে ফিফা। এর ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।
তথ্য চুরির দায় স্বীকার করেছে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি অনলাইন হ্যাকার গোষ্ঠী। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে। গোষ্ঠীটির দাবি, তারা ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে।
এ জাতীয় আরো খবর..