✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১৮:৫১:২০ |মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। এ ছাড়া নদী সাঁতরে পার হওয়ার সময় আলমগীর দালাল (৪০) নামে একজন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার ভোর থেকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দফায় দফায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কয়েক ঘণ্টার সংঘর্ষে কয়েক শ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রহিম মোল্লা ও আওলাদ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে ককটেলের স্প্লিন্টারে গুরুতর আহত হয় চার বছর বয়সী আব্দুর রহিম। তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে আহত সেলিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সংঘর্ষের পর মেঘনার একটি শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় আলমগীর দালাল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, সংঘর্ষে একজন নিহত ও এক শিশু আহত হয়েছে। একজন নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের অভিযানে একটি একনলা বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।