✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

স্পেনে আগাম নির্বাচন: মসনদ যাচ্ছে কার দখলে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১১:৫৭:৪০ |

কয়েক মাসের সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক টানাপোড়েনের পর আগামী রোববার আগাম সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে স্পেন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আট বছরের শাসনামলের ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে। তীব্র আবাসন সংকট, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, অভিবাসন নিয়ে উত্তেজনা এবং সামরিক ব্যয় ও পররাষ্ট্রনীতি নিয়ে চলমান বিতর্ক এবারের নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই নির্বাচনে ভোটাররা পার্লামেন্টের নিম্নকক্ষ 'কংগ্রেস অব ডেপুটিজ'-এর ৩৫০টি আসনের সবকটি সদস্য এবং উচ্চকক্ষ সিনেটের নির্বাচিত অংশের প্রতিনিধিদের নির্বাচিত করবেন। স্পেনের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী প্রধানমন্ত্রী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে পার্লামেন্টের প্রথম দফার ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ কমপক্ষে ১৭৬ জন ডেপুটির সমর্থন পেতে হয়, অথবা পরবর্তী দফার ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয়। ২০২৩ সালের নির্বাচনে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে বামপন্থী সুমার জোটের সঙ্গে কোয়ালিশন গঠন এবং আঞ্চলিক আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিলেন পেদ্রো সানচেজ।

মূলত গত ২ অক্টোবর পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত দুটি আবাসন সংস্কার ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পরই প্রধানমন্ত্রী সানচেজ ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেন। পার্লামেন্টের সেই পরাজয় তার সংখ্যালঘু সরকারের ভঙ্গুর অবস্থাকে প্রকাশ্যে নিয়ে আসে। সানচেজকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কাতালান বিচ্ছিন্নতাবাদী দল 'জুন্টস' ওই ভোটে বিরোধীদের পক্ষ নেওয়ায় সরকার বিপাকে পড়ে। এর পাশাপাশি সাবেক পরিবহনমন্ত্রী হোসে লুইস আবালোস এবং দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সান্তোস সেরদানসহ দলের শীর্ষস্থানীয় সাবেক নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত নিয়েও সানচেজের সমাজতান্ত্রিক প্রশাসন তীব্র চাপের মুখে রয়েছে।

ক্ষমতার এই লড়াইয়ে সানচেজের স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই)-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হলো আলবার্তো নুনেজ ফেইজোর নেতৃত্বাধীন রক্ষণশীল পিপলস পার্টি (পিপি)। এছাড়া সান্তিয়াগো আবাসকালের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল 'ভক্স' গত নির্বাচনের পর থেকে জনমত জরিপে নিজেদের অবস্থান বেশ শক্তিশালী করেছে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউয়ের নেতৃত্বাধীন বামপন্থী 'ফ্রেন্তে আম্পলিও' জোট, 'পোদেমোস' এবং কাতালান ও বাস্ক অঞ্চলের বেশ কয়েকটি আঞ্চলিক দল। নির্বাচনী জরিপ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারির আগে স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল পাইস'-এর সংকলিত চূড়ান্ত জরিপের গড় অনুযায়ী, পিপি ৩১ দশমিক ৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। এর পরেই ২৯ শতাংশ সমর্থন নিয়ে রয়েছে সমাজতান্ত্রিক দল পিএসওই এবং ১৭ দশমিক ৯ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভক্স।

স্পেনের অর্থনীতি ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় দ্রুতগতিতে বাড়লেও আবাসন ব্যয় মানুষের আয়ের তুলনায় অনেক বেশি বেড়ে যাওয়ায় দেশটিতে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে মূল্যস্ফীতি-সমন্বিত সম্পত্তির দাম যেখানে ২৫ শতাংশ বেড়েছে, সেখানে স্পেনে এই বৃদ্ধির হার ৪৩ শতাংশ। বর্তমানে দেশটিতে আনুমানিক ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। গত সেপ্টেম্বরে মাদ্রিদের ৮৭ বছর বয়সী বাসিন্দা মারিকারমেন আবাসকালের উচ্ছেদের ঘটনায় এই সংকট নতুন করে সবার নজর কাড়ে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৭১ বছর ধরে বসবাস করা অ্যাপার্টমেন্ট থেকে তাঁকে উচ্ছেদ করা হয়েছিল। তার মাসিক ভাড়া ছিল প্রায় ৫০০ ইউরো (৫৪৯ ডলার), কিন্তু বাড়ির মালিক ভাড়া বাড়িয়ে ২ হাজার ৬৫০ ইউরো দাবি করেছিলেন। 

পরবর্তীতে এক সমঝোতার ভিত্তিতে আবাসকাল নিজ বাড়িতে ফেরার সুযোগ পেলেও গত ৭ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবাসন সংকট মোকাবিলায় সমাজতান্ত্রিক দল ভাড়া নিয়ন্ত্রণ এবং সরকারি আবাসন সম্প্রসারণের কথা বললেও পিপি ১০ লাখ নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে রক্ষণশীল পিপি এবং ভক্স; উভয় দলই বর্তমান আবাসন আইন বাতিল করার পক্ষে অবস্থান নিয়েছে।

আকাশচুম্বী বাড়িভাড়া এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনজুড়ে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী আবাসন, উচ্চ মজুরি এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে ট্রেড ইউনিয়নগুলোর ডাকে গত ১১ নভেম্বর দেশটিতে ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালিত হয়। সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি চলতি বছর দুটি বড় রেল দুর্ঘটনা সরকারের ওপর জনরোষ ও চাপ আরও বাড়িয়ে দিয়েছে। গত জানুয়ারিতে আদামুজের কাছে এক ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হওয়ার পর, গত ২৮ অক্টোবর মধ্য স্পেনের উর্দার কাছে একটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে ৬৯ জন প্রাণ হারান। সর্বশেষ এই ট্র্যাজেডির পর মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। ভক্স এই দুর্ঘটনার জন্য সরাসরি সানচেজকে দায়ী করে এবং ফ্রেন্তে আম্পলিও রাজনৈতিক জবাবদিহিতা দাবি করে। তীব্র চাপের মুখে গত ৩ নভেম্বর পদত্যাগ করেন পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।

অভিবাসন সংকটও এবারের নির্বাচনে বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। উত্তর আফ্রিকার উপকূলে মরক্কো সীমান্তবর্তী স্প্যানিশ ছিটমহল সেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্যমতে, গত ৩০ ও ৩১ জুলাই প্রায় এক লাখ মানুষ শহরটিতে প্রবেশ করে, যাদের মধ্যে হাজার হাজার অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশু ছিল। এর ফলে স্থানীয় আশ্রয়কেন্দ্র ও অবকাঠামোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস জানিয়েছেন, পরবর্তীতে অধিকাংশ মানুষ চলে গেলেও এখনো ১৫ হাজারের বেশি অভিবাসী সেখানে অবস্থান করছেন। অভিবাসীদের এই ঢল ঠেকাতে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী সানচেজকে অভিযুক্ত করেছেন। এই সংকট অভিবাসন নীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিভেদকেও সামনে নিয়ে আসে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা ইউরোপের পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চল থেকে স্পেনকে সাময়িকভাবে বরখাস্ত করার আহ্বান জানান। রোম সাময়িকভাবে স্পেন থেকে আসা যাত্রীদের ওপর সীমান্ত তল্লাশি পুনর্বহাল করলে মাদ্রিদও পাল্টা ব্যবস্থা নেয়, যদিও অক্টোবরে উভয় দেশই সেই বিধিনিষেধ তুলে নেয়। এদিকে ভক্স কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ এবং সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে।

ন্যাটো এবং সামরিক ব্যয় নিয়েও স্পেনের রাজনীতিতে তীব্র বিভক্তি রয়েছে। ১৯৮২ সাল থেকে ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও সামরিক জোটটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনের চাপের সবচেয়ে কড়া বিরোধীদের একজন হলেন পেদ্রো সানচেজ। ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের নতুন লক্ষ্যমাত্রাকে 'অযৌক্তিক' আখ্যা দিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন যে ২ দশমিক ১ শতাংশ বরাদ্দ দিয়েই মাদ্রিদ তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে। সানচেজ দাবি করেছিলেন যে গত বছর দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে তিনি এ বিষয়ে ছাড় পেয়েছেন, যদিও ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে তাঁর এই দাবি অস্বীকার করেন। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের পরামর্শ দেন এবং দেশটির ওপর শুল্ক আরোপের হুমকি দেন। তবে সানচেজ গত জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনেও ব্যয় বৃদ্ধির এই লক্ষ্যমাত্রার বিরোধিতা অব্যাহত রাখেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও টানাপোড়েন সৃষ্টি করেছে। ইসলামী প্রজাতন্ত্রটির বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের জন্য মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দিতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে মাদ্রিদ। এর জেরে ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছেন। গত মঙ্গলবার সানচেজ স্পেনের প্রতিরক্ষা আইন সংশোধন করে যেকোনো 'অবৈধ যুদ্ধে' স্পেনের অংশগ্রহণ নিষিদ্ধ করার অঙ্গীকার করেছেন এবং ইরানের বিরুদ্ধে চলমান অভিযানকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সঙ্গে তুলনা করেছেন। এছাড়া সানচেজ মার্কিন মিত্র ইসরায়েলের একজন কঠোর সমালোচক; তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। ২০২৪ সালে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইসরায়েলের তীব্র নিন্দার মুখে পড়ে। প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির প্রশ্নে স্পেনের বিরোধী দলগুলোও বিভক্ত। পিপি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করার এবং ন্যাটোর প্রতিশ্রুতি পূরণে সামরিক বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভক্সও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে। অন্যদিকে ফ্রেন্তে আম্পলিও সামরিক ব্যয় কমানোর পক্ষে এবং পোদেমোস চায় স্পেন ন্যাটো জোট ত্যাগ করুক।

সরকার পরিবর্তন হলে ইউক্রেনের প্রতি স্পেনের সমর্থনে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। ২০২২ সালে ইউক্রেন সংঘাত তীব্র হওয়ার পর থেকে কিয়েভকে সামরিক সহায়তা প্রদানকারী ইইউ দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। ইউরোপীয় কাউন্সিলের তথ্যমতে, ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো এ পর্যন্ত প্রায় ১০০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দিয়েছে। মাদ্রিদ ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি ৯ হাজারের বেশি ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। গত মার্চে সানচেজ ২০২৬ সালের জন্য আরও ১ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার ঘোষণা দেন, যার ফলে ইউক্রেনের প্রতি স্পেনের মোট প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ইউরোতে। এই প্যাকেজের আওতায় যৌথ অস্ত্র উৎপাদনও অন্তর্ভুক্ত রয়েছে। রক্ষণশীল পিপি কিয়েভের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও মানবিক সহায়তার পাশাপাশি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বিপরীতে, পোদেমোস আলোচনার মাধ্যমে সংকটের সমাধান এবং নিরস্ত্রীকরণ ও সহযোগিতার ভিত্তিতে একটি ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দিয়েছে।

আগামী রোববারের এই নির্বাচনে বিদেশে বসবাসরত প্রায় ২৮ লাখ প্রবাসীসহ মোট প্রায় ৩ কোটি ৮৭ লাখ স্প্যানিশ নাগরিক ভোট দেওয়ার যোগ্য। স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। তবে মূল ভূখণ্ডে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর ক্যানারি দ্বীপপুঞ্জে ভোটগ্রহণ শেষ হবে। রবিবার সন্ধ্যাতেই নির্বাচনের প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এবং আগামী ২৩ ডিসেম্বর নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।

সূত্র: আরটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..