✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২২, | ১৫:৫৭:৩০ |বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সরোয়ার হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। তাদের মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বাংলানিউজকে বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।
অভিযোগ অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। এ ছাড়া মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওপর থেকে লিখে নম্বর পরিবর্তন করা হয়।
দুদকের অনুসন্ধানে জানা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও ঘষামাজা করে তা ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।