✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২২, | ১৫:৪৮:১৭ |বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস চার দশকেরও বেশি সময় ধরে গান ও পরিবেশনা দিয়ে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। এবার এই জনপ্রিয় শিল্পীর গান ও সংগীতজীবনের নানা তথ্য সংরক্ষণে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।
‘জেমস ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে চলছে তোড়জোড়। জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
দিন দুয়েক ধরে ফেসবুকে খবরটি ভেসে বেড়াচ্ছিল। পরে তাতে সিলমোহর দেন রবিন। তিনি জানান, অনেক দিন ধরেই এই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা চলছিল।
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রবিন ঠাকুর বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে।’