✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ২০:১১:০৫ |রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে চুলার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাগানের সাত তলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আরএস রহমান (১ বছর ৬ মাস), সাবা (২৭), আবদুর রহমান (৩০), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। তাদের মধ্যে আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ, সাবার ১০০ শতাংশ, আবদুর রহমানের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, এ পর্যন্ত অগ্নিদগ্ধ পাঁচজন রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধারকারী প্রতিবেশী সুমন জানান, রান্নার জন্য চুলা ধরাতে গিয়ে আগুন লাগে। তার ধারণা, রাতে রান্নার সময় চুলায় গ্যাস না থাকায় চুলাটি বন্ধ করা হয়নি। পরে গ্যাস সরবরাহ চালু হলে পুরো ঘরে গ্যাস জমে যায়। ভোরে চুলা ধরানোর চেষ্টা করলে আগুন ধরে যায় এবং তারা দগ্ধ হন।
দগ্ধ আবদুর রহমানের মা রহিমা জানান, তার ছেলে একটি ব্যাংকে চাকরি করেন। তিনি স্ত্রী সাবা ও ১৬ মাসের সন্তান আরএস রহমানকে নিয়ে ওই বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামে। আবদুর রহমান ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
এ ছাড়া দগ্ধ অন্য দুজন মা-মেয়ে ওই বাসায় সাবলেট থাকতেন বলে জানা গেছে।