ভালো নেই বলিউড। সাম্প্রতিক সময়ে একের পর এক হুমকি, হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের সিনে ইন্ডাস্ট্রিজে। এবার সরাসরি খুনের হুমকি পেলেন অভিনেতা সাইফ আলী খান। সালমান খানের ঘনিষ্ঠ, রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যা মামলার আসামীর নাম করে হত্যার হুমকি পাঠানো হয়েছে সাইফকে।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইট্টিন-এ মিলল এই খবর। তবে হুমকিটি সত্যিই জিশান দিয়েছেন, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তা জানার খতিয়ে দেখছে পুলিশ; শুরু হয়েছে তদন্ত।
এদিকে বছর দুয়েক হতে চলল সাইফের বাড়িতে তার ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনার। এর মধ্যেই নতুন করে হত্যার হুমকি পেলেন অভিনেতা।
২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকিকে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের খোঁজা হচ্ছে, তাদের একজন জিশান আখতার।
এদিকে বাবা সিদ্দিকির সঙ্গে বলিউডের অনেক তারকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে সালমান খানের সঙ্গে তার বন্ধুত্বের কারণে এ হত্যাকাণ্ড রাজনৈতিক ও বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার সাইফকে দেওয়া এই হুমকি নতুন করে তার ভক্তদের মনে শঙ্কা তৈরি করেছে।
সাম্প্রতিক সময়ে, গত কয়েক মাসের ব্যবধানে বলিউডের একাধিক তারকা বিভিন্ন সময়ে হুমকির মুখে পড়েছেন; যা তাদের জন্য জীবন ঝুঁকি বলেই স্পষ্ট। তাদের মধ্যে অন্যতম সালমান খান; যাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে যাচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি চালান। পরে এ ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং।
এদিকে চলতি বছর ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করেও গুলি চালানো হয়। এছাড়া অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মার কাছে আসে হুমকির বার্তা।
গত অক্টোবরে জুহুতে আরেকটি হামলার লক্ষ্য হন অভিনেতা টাইগার শ্রফ। অভিযোগ, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে গুলি চালান। পরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের নামে প্রচারিত একটি অডিও বার্তায় হামলার দায় স্বীকার করা হয়। এছাড়াও কপিল শর্মা, আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের মতো তারকারাও বিগত কয়েক বছরে নানা হুমকি পেয়েছেন।
এ ঘটনার পর বলিউডের বেশ কয়েকজন তারকার নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে মুম্বাই পুলিশ। যদিও এর অগ্রগতি আশাব্যাঞ্জক নয় বলে দাবি কারও কারও।
এ জাতীয় আরো খবর..