✕


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের জন্মদিন আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৯:৫৩:৪৭ |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের আজ ৫১তম জন্মদিন। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন তিনি। সৌন্দর্য, আত্মবিশ্বাস, অভিনয় আর নিজের শর্তে জীবনযাপনের জন্য বরাবরই আলোচনায় এই অভিনেত্রী। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন সুস্মিতা। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও আলোচিত প্রেমের গল্প।

১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে পেছনে ফেলে বিজয়ী হন সুস্মিতা। একই বছর ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসুন্দরীর মুকুট জয় করেন তিনি। প্রথম ভারতীয় নারী হিসেবে এই সম্মান অর্জন করে ইতিহাস গড়েন সুস্মিতা।



বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর অভিনয়ে নাম লেখান তিনি। ১৯৯৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।

দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ ওয়েব ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ফেরেন সুস্মিতা। ধারাবাহিকটি আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পায়। এরপর ‘তালি’তে রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।



অভিনয়ের বাইরেও ব্যক্তিজীবনের নানা সিদ্ধান্তের কারণে আলোচনায় ছিলেন সুস্মিতা। মাত্র ২৪ বছর বয়সে রেনে নামের এক কন্যাশিশুকে দত্তক নেন তিনি। ২০১০ সালে দত্তক নেন দ্বিতীয় মেয়ে আলিশাহকে। দুই মেয়েকে নিয়েই তাঁর সংসার। একক মাতৃত্বের এই সিদ্ধান্তও তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

সুস্মিতার প্রেমের গল্পও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। অভিনেতা রণদীপ হুদা, পরিচালক বিক্রম ভাট ও মডেল রেহমান শালের সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। ২০০৮ সালে একটি নাচের প্রতিযোগিতাভিত্তিক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। পরে দুজনের বিয়ের গুঞ্জন ছড়ালেও তা অস্বীকার করেন সুস্মিতা।

২০২২ সালে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে বিয়ে বা আংটিবদলের খবর নাকচ করে দেন অভিনেত্রী। এ ছাড়া মুম্বাইয়ের ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।

বিশ্বসুন্দরীর মুকুট জয়, বলিউডে দীর্ঘ ক্যারিয়ার, একক মাতৃত্ব কিংবা আলোচিত প্রেম- জীবনের প্রতিটি অধ্যায়েই নিজের মতো করে পথ চলেছেন সুস্মিতা সেন। ৫১তম জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..