‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর ‘মনসামঙ্গল’ ধারাবাহিকে ধরা দিতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ইতোমধ্যে এ ধারাবাহিকের প্রথম ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে; যেখানে নাগকন্যা বেশে ধরা দিয়েছেন তিনি।
তবে এর মধ্যেই এবার আরও একটি সুখবর জানা গেল। দীর্ঘদিন আটকে থাকার পর এবার মুক্তি পেতে চলেছে দিতিপ্রিয়া রায়ের সিনেমা ‘ডিয়ার ডি’। যেখানে তার সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
এর আগে ২০২৪ সালের শেষে এ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল নির্মাতাদের তরফ থেকে। তবে কিছু সমস্যার জন্য সেই সময় সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে আগামী ১১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে চলেছে। রবীন্দ্র নাম্বিয়া পরিচালিত 'ডিয়ার ডি' সিনেমাটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা। ইতোমধ্যে সিনেমার অফিশিয়াল পোস্টার সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে; যেখানে দেখতে পাওয়া যাবে শ্রাবন্তী ও দিতিপ্রিয়াকে দাঁড়িয়ে থাকতে; কিন্তু কারও মুখে হাসি নেই।
দিতিপ্রিয়াকে দেখলেই বোঝা যায় তিনি অন্তঃসত্ত্বায় রয়েছেন। নেপথ্যে যে সিনেমা দেখা যাবে, সেখানেও বোঝা যাচ্ছে যে, এই গোটা সিনেমাটি ভারতে নয়; বরং বিদেশে শুটিং করা হয়েছে।
'ডিয়ার ডি' সিনেমায় সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মেয়ের (দিতিপ্রিয়া) সঙ্গে সম্পর্ক ভালো মায়ের। কিন্তু একদিন এমন কিছু ঘটে যায় তাদের জীবনে, যা চিরকালের জন্য জীবন পালটে দেয়। লুকিয়ে থাকা এমন অনেক কিছু বেরিয়ে আসে, যা এতদিন ছিল অজানা। এবার সত্যির সঙ্গে কীভাবে লড়াই করবেন তারা? জানা যাবে সিনেমাটি মুক্তির পরই।
উল্লেখ্য, অভিনেত্রী দিতিপ্রিয়া অনেক ছোটবেলা থেকেই বড়পর্দায় অভিনয় করছেন। ‘আয় খুকু আয়’, ‘রাজকাহিনি’, ‘বগলা মামা যুগ যুগ জিও’, ‘দেব আই লাভ ইউ’, ‘ব্যোমকেশ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ‘ডাকঘর’, ‘রাজনীতিসহ একাধিক ওয়েব সিরিজেও। তবে সব থেকে বেশি তিনি নজর কেড়েছেন ‘রানী রাসমণি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে।
এ জাতীয় আরো খবর..