✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৯:২০:১০ |জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। গণতন্ত্রকামী এদেশের আপামর জনসাধারণ এবং ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের স্বৈরাচারি শাসনের অবসান ঘটায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে 'ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬' এর প্রতিনিধিদের বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া।
স্পিকার বলেন, এদেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করে আসছে। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশ প্রায় ২৪ বছর ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানের জুলুম ও নিপীড়নের শিকার হয়। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি।
স্পিকার বলেন, বিভিন্ন সময়ে দেশে সামরিক শাসন এবং স্বৈরাচারি শাসনের সূত্রপাত হয়। এদেশের জনগণ রাজপথে নামে এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে। বিগত আওয়ামী লীগ সরকার গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে IAUP-এর বর্তমান প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর শিক্ষাবিদ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।