✕


সুন্দরবনের দুবলায় দুই দিন বন্ধ শুঁটকি মাছ আহরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৯:১৮:২৯ |

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’র কারণে সাগর উত্তাল হওয়ার পাশাপাশি দুই দিন ঝড়োহাওয়া বইতে থাকায় সুন্দরবনের দুবলার পাঁটি চরের অস্থায়ী জেলে পল্লীর ১০ হাজার জেলে শুঁটকির জন্য মাছ ধরতে পারছেনা।

পাশাপাশি অবিরাম ভারি বৃষ্টিপাতে শুঁটকির জন্য মাচায় রাখা মাছ ভিজে নষ্ট হচ্ছে। এই অবস্থায় বৈরি আবহাওয়ায় কবলে পড়েছেন জেলেরা, এখন নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

সুন্দরবনের দুবলা ফিসারমেন গ্রপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ দুবলার আলোরকোল থেকে মোবাইল ফোনে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’র কারণে সাগরে চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগরে মাছ ধরতে না পেরে অস্থায়ী শুঁটকি পল্লীর ১০ হাজারের অধিক জেলে নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে।

অন্য দিকে, দুদিন আগে সাগর থেকে ধরে এনে শুঁকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে গেছে। সহসা আবহাওয়া ভালো
না হলে এসব মাছ নষ্ট হয়ে যাবে। এবারের শুঁটকি মৌসুমের শুরুতে জেলেরা দুইবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন বলে তিনি জানিয়েছেন।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সুন্দরবনের শুঁকি পল্লীর জেলেরা। এসময়ে জেলেরা সাগরে মাছ ধরতে না পেরে আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন। বর্তমানে দুদিনের বৃষ্টিতে মাচায় মিঁটকি করতে দেয়াসহ জেলেদের অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হচ্ছে ।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে আছে। দুবলারচরের শুঁটকি করতে আসা জেলেরা গত দুই দিন ধরে সাগরে মাছ আহরণে যেতে পারেনি।

বর্তমানে দুবলায় দশ হাজারের অধিক জেলে নৗকা ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানান এই বন কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..