✕


ভেনেজুয়েলায় প্রভাব পাকাপোক্ত করতে নতুন কৌশলে ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৮:৩১:১৬ |

ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মাদক পাচার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদারকে এ উদ্যোগের উদ্দেশ্য হিসেবে তুলে ধরেছে ওয়াশিংটন।

তবে বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে ভেনেজুয়েলার ওপর মার্কিন প্রভাব ধরে রাখা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাতিন আমেরিকাবিষয়ক নীতিকে রাজনৈতিকভাবে সুরক্ষা দেওয়ার হিসাব।

বুধবার আকস্মিক সফরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ও প্রতিরক্ষামন্ত্রী গুস্তাভো গনসালেস লোপেসের সঙ্গে বৈঠক করেন হেগসেথ।

নতুন চুক্তির আওতায় দুই দেশ যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সরঞ্জাম এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে কাজ করবে।

হেগসেথের দাবি, এর মাধ্যমে ভেনেজুয়েলার যেসব এলাকায় মাদক পাচারকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে, সেগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করা যাবে।

অন্যদিকে রদ্রিগেজ বলেছেন, এ সহযোগিতায় ভেনেজুয়েলার সামরিক বাহিনীর প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে। তবে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের সঙ্গে কোনও আপস করা হবে না।

বিশ্লেষকদের মতে, চুক্তিটির পেছনে রাজনৈতিক হিসাবও রয়েছে। গত জানুয়ারিতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর দেশটির তেলশিল্পের ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ওয়াশিংটন। বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ফিল গানসনের মতে, ক্ষমতায় টিকে থাকাই রদ্রিগেজ সরকারের প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার তেল বিক্রির আয়ের বড় অংশের নিয়ন্ত্রণ থাকায় ওয়াশিংটন দেশটির ওপর চাপ প্রয়োগের সুযোগ পাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর ভেনেজুয়েলা নীতি নিয়ে কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়তে পারে। সম্প্রতি হেগসেথকে অভিশংসনের প্রস্তাবও উঠেছিল। বিশ্লেষক কার্লোস পিনার মতে, সফরটি ট্রাম্পের ভেনেজুয়েলা নীতির পক্ষে জনসমর্থন তৈরির প্রচেষ্টার অংশ হতে পারে।

চুক্তির প্রভাব ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়াতেও পড়তে পারে। বিশেষ করে সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সম্ভাবনা রয়েছে। তবে চুক্তির পূর্ণ শর্ত এখনও প্রকাশ করা হয়নি। ফলে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি কতটা বাড়বে, তা স্পষ্ট নয়।

আঞ্চলিক বিশ্লেষকদের আশঙ্কা, মাদুরোকে উৎখাতের ঘটনা লাতিন আমেরিকার অন্য দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি করতে পারে। কারণ, এর মধ্য দিয়ে নিজেদের স্বার্থে সামরিক শক্তি ব্যবহারে ওয়াশিংটনের আগ্রহের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..