✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৩:৫৮:০৭ |চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময়ও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাতের আগে রাতভর এসব হামলা হয়। যুদ্ধ বন্ধের কূটনৈতিক আলোচনার মধ্যেও ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ সেতু এবং ইউক্রেনের জ্বালানি ও বন্দর অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
৩৭০ কোটি ডলার ব্যয়ে নির্মিত সেতুটিতে চলতি সপ্তাহে বারবার হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলায় সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলাকে ইউক্রেনের অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে ‘নজিরবিহীন অভিযান’ বলে বর্ণনা করেছেন।
অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, রাতে তারা ইউক্রেনের জ্বালানি স্থাপনা, বন্দর অবকাঠামো ও জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওডেসায় দুটি বিদ্যুৎ উপকেন্দ্র, চোরনোমোরস্কে একটি জ্বালানি সংরক্ষণাগার এবং ওডেসা বন্দরে পণ্য নিয়ে যাওয়া একটি মালবাহী জাহাজে আঘাত হানা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলার দাবি করেছে মস্কো।
এদিকে, চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ইউক্রেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের বরাতে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। উশাকভের ভাষ্য অনুযায়ী, বৈঠক শেষে পুতিনের মেজাজ ছিল ‘চমৎকার’। বৈঠকের আগে পুতিনের সঙ্গে নিজের দীর্ঘদিনের ভালো সম্পর্কের প্রশংসা করে তাকে ‘আমার বন্ধু’ বলেছেন ট্রাম্প।
অন্যদিকে, বৃহস্পতিবার বার্লিনে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পাশাপাশি মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে জেলেনস্কির বৈঠকের কথা রয়েছে। বুধবার জেলেনস্কি জানান, চীনে ট্রাম্পের উদ্যোগ সম্পর্কে ইউক্রেনের আলোচক দলকে অবহিত করবেন মার্কিন কর্মকর্তারা।