✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৩:৫২:৩১ |চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে পুতিনকে ‘আমার বন্ধু’ (মাই ফ্রেন্ড) বলে সম্বোধন করেন তিনি। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়। পরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে নিয়ে তিন নেতার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
পুতিনকে ট্রাম্প বলেন, বহু বছর ধরে আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। একে অপরকে তারা দীর্ঘদিন ধরে চেনেন। এই বৈঠক থেকে অনেক ভালো কিছুর সূচনা বা অর্জন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে বৈঠকের শুরুতে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। এ সময় পুতিনের কানে সংক্ষেপে কিছু বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের আরেক ভিডিওতে পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’
এদিকে, তিন নেতার বৈঠকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। বড় ধরনের হামলা আপাতত বন্ধ থাকলেও সংঘাতের অচলাবস্থা কাটেনি।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, আসন্ন বৈঠকে বিশ্বশান্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিন নেতা বিস্তারিত মতবিনিময় করবেন।
ইরান যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে তেহরান। এই পরিস্থিতিতে ট্রাম্প নিজের প্রশাসনের কূটনৈতিক প্রভাব তুলে ধরতে এবং সংঘাত অবসানে রাশিয়া ও চীনের সহায়তা চাইতে পারেন। দেশ দুটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের তেল কিনে দেশটিকে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন।
বেইজিং চাইবে, যুদ্ধ শেষ হোক এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হোক। যুদ্ধের আগে চীনের অপরিশোধিত তেল সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি এই জলপথ দিয়ে যেত। অন্যদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের ফলে লাভবান হয়েছে রাশিয়া।