✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৩:৩৩:৫৭ |গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কুয়াশাচ্ছন্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আজ বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন চলাচল সীমিত রয়েছে। মাঝেমধ্যে ২/১ টা পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানের দেখা মিললেও মহাসড়কে অন্যান্য যানবাহন চলাচল নেই বললেই চলে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন মাঝে মধ্যে চলতে দেখা গেলেও অন্যান্য দিনের মতো ব্যস্ত নয় মহাসড়ক। তা ছাড়া সকাল থেকেই কুয়াশা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকায় সাধারণ যাত্রীদের সংখ্যাও কম দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাতে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে চলাচলরত পরিবহনের যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার ভোর থেকেই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে।
দূরপাল্লার পরিবহনের পাশাপাশি লোকাল পরিবহনও কম দেখা গেছে। এদিকে জরুরি কাজে রাজধানীসহ বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকে নিরাপত্তার কথা ভেবে বের হচ্ছেন না। ফলে যানবাহনের পাশাপাশি সাধারণ যাত্রীদের কোনো চাপ নেই বাস স্টপেজগুলোতে।
শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ডে ঢাকার উদ্দেশে আসা একাধিক যাত্রী জানান, আজকে যাত্রী তেমন নেই। যাত্রী না থাকায় বাসও ছাড়ছে না। দূরপাল্লার পরিবহনও তেমন একটা আসছে না। অনেকক্ষণ পর পর পরিবহনের দেখা মিললেও তাতে উঠার সুযোগ হচ্ছে না।
এদিকে লকডাউন কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা, ভাঙচুর ও বিশৃঙ্খলা ঠেকাতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। দলটির নেতারা বলছেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে রয়েছেন।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, ‘কিছু সময়ের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে উঠেছিলেন। পরে আমরা নেতাকর্মীদের নিয়ে তাদের প্রতিহত করেছি। এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে রয়েছি।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হাসান বলেন, বুধবার রাতে সড়ক থেকে থানা লক্ষ্য করে কে বা কারা পটকা নিক্ষেপ করেছিল। বৃহস্পতিবার সকালে স্বাভাবিক রয়েছে মহাসড়ক। তবে যানবাহন চলাচল কম রয়েছে।