✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টা, দুইজনের ৮ মাসের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ২২:৫২:৪৪ |

খুলনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টার সময় হাতেনাতে আটক দুই যুবককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬)। পরীক্ষাগারের নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার ও মনিটরের লক খুলে ফেলার পাশাপাশি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। তবে গাড়িচালক ও নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় চুরির এই চেষ্টা ব্যর্থ হয়।


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারটি খুলনা বিভাগীয় সিএসডি গুদামের সীমানাপ্রাচীরের ভেতরে একটি টিনশেড গ্যারেজে রাখা ছিল। গত ১৫ নভেম্বর সাতক্ষীরা জেলায় খাদ্য নমুনা পরীক্ষার কর্মসূচি থাকায় আগের দিন ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পরীক্ষাগারটি খুলনা সার্কিট হাউসে নেওয়ার জন্য গ্যারেজে যান গাড়িচালক। এ সময় গ্যারেজের ভেতরে মানুষের কথাবার্তার শব্দ শুনতে পেয়ে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য কর্মকর্তাকে বিষয়টি জানান।


পরে ওই কর্মকর্তা সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবস্থাপককে অবহিত করেন। এরপর গাড়িচালক, নিরাপত্তাপ্রহরী ও সিএসডির কর্মচারীরা একত্র হয়ে গ্যারেজে অভিযান চালিয়ে রমজান শেখ ও গোলাম রসুলকে চুরির চেষ্টার সময় হাতেনাতে আটক করেন। প্রাথমিক পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের বিভিন্ন নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার ও মনিটরের লক বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া গাড়ির দুটি গ্লাস, ওপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্স খুলে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছিল।


ঘটনার পর আটক দুজনকে খালিশপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ১৪ নভেম্বর রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন ১৫ নভেম্বর দুপুর ১২টার দিকে আসামিদের খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের তৃতীয় আদালতে হাজির করা হয়। একই দিন বিকেল ৩টার দিকে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম শেষে আদালত দুজনকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি জব্দ করা মালামাল নিরাপদ খাদ্য কর্মকর্তার হেফাজতে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..