✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

সংকট ও অব্যবস্থাপনায় শিডিউল বিপর্যয়ে তিন ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ১৯:৩২:৫৯ |

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্ল্যাটফর্মে ট্রেনের দেখা নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর ক্ষুব্ধ যাত্রীরা একপর্যায়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। গত ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের এই চিত্র এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইঞ্জিন সংকট, কারিগরি ত্রুটি ও পরিচালনগত অব্যবস্থাপনায় পূর্বাঞ্চল রেলওয়ের তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনে নিয়মিত শিডিউল বিপর্যয় ঘটছে। পাহাড়িকা এক্সপ্রেসের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস এবং জামালপুর রুটের বিজয় এক্সপ্রেসের বিলম্বিত চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম পিইঞ্জ বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইঞ্জিন সংকট। ইঞ্জিন সংকটের কারণেই বেশিরভাগ সমস্যা হচ্ছে। এ সমস্যার সমাধান হলেই সব সমস্যার সমাধান হবে। শিডিউল বিপর্যয়ের আরেকটি কারণ হচ্ছে সিঙ্গেল রেক। নানা সমস্যার মধ্যেও জনভোগান্তি কমিয়ে রেলসেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ সম্প্রতি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার সময় চুরির ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা নিরসনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি থেকে দুজন করে সদস্য দায়িত্বে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ট্রেনের অনিয়মিত চলাচলের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে ভ্রমণকারী যাত্রীরা। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিয়ে প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত বসার জায়গা ও বিশ্রামাগার না থাকায় অনেক যাত্রীকে প্ল্যাটফর্মের মেঝেতে বসে থাকতে হচ্ছে। ট্রেনের বিলম্বের কারণে অনেকের জরুরি দাপ্তরিক কাজ, চিকিৎসা কিংবা পরবর্তী যাত্রার সংযোগও ব্যাহত হচ্ছে। টিকিট কেটেও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পূর্বাঞ্চল রেলওয়েতে শিডিউল বিপর্যয়ের অন্যতম কারণ লোকোমোটিভ বা ইঞ্জিন সংকট। প্রয়োজনের তুলনায় ইঞ্জিনের সংখ্যা কম থাকায় একটি ট্রেন গন্তব্যে পৌঁছানোর পর সেই ইঞ্জিন অন্য ট্রেনে যুক্ত করতে গিয়ে সময়ক্ষেপণ হচ্ছে। এ ছাড়া বহরে থাকা অধিকাংশ লোকোমোটিভের আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। ফলে চলন্ত অবস্থায় কিংবা যাত্রা শুরুর আগে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। এসব ত্রুটি মেরামতে কয়েক ঘণ্টা লেগে যাওয়ায় প্রভাব পড়ছে পুরো রুটের ট্রেন চলাচলে।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর চট্টলা এক্সপ্রেসের বিলম্বের পেছনেও রয়েছে পরিচালনগত জটিলতা। ট্রেনটি পথে প্রায় প্রতিটি স্টেশনে যাত্রাবিরতি করে। নিয়ম অনুযায়ী প্রতিটি স্টেশনে সর্বোচ্চ তিন মিনিট দাঁড়ানোর কথা থাকলেও অতিরিক্ত যাত্রী ওঠানামার কারণে প্রতিবারই দুই থেকে তিন মিনিট করে দেরি হয়। এভাবে একাধিক স্টেশনের বিলম্ব জমতে জমতে গন্তব্যে পৌঁছাতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা বা তারও বেশি সময় লেগে যায়। এর সঙ্গে অন্য আন্তনগর ট্রেনকে ক্রসিং বা সাইড দিতে গিয়েও সময় নষ্ট হয়।

অন্যদিকে জামালপুর রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস পরিচালিত হয় ‘সিঙ্গেল রেক’ ব্যবস্থায়। অর্থাৎ একটি মাত্র ট্রেনের সেট দিয়ে যাওয়া-আসা করা হয়। ফলে যাত্রাপথে কোনো কারণে ট্রেনটি বিলম্বিত হলে ফিরতি যাত্রাও নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয় না। এতে প্রায়ই শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেনটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..