✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ১১:৩০:১৪ |গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কারণে জেলার শিল্পাঞ্চলে অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেয়। একপর্যায়ে শ্রমিকরা জডে়া হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।