✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২৩:৪৮:৫৩ |আগামী পহেলা ডিসেম্বর থেকে রাশিয়া-এস্তোনিয়া সীমান্তের সমস্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া। একটি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে মস্কোর সামরিক গোয়েন্দা সংস্থার সম্পৃক্ত থাকার অভিযোগে দেশটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) এস্তোনিয়া পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাহকনা এই পদক্ষেপের ঘোষণা দেন। এর আগে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ করেন, ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘থ্রিওড সিস্টেমস’-এর ওপর হামলার পেছনে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর হাত রয়েছে। লাটভিয়ায় বসবাসরত আট ব্যক্তিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) ভোরে তাল্লিনের কাছে ভিমসিতে অবস্থিত কোম্পানিটির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা-এর তথ্য অনুযায়ী, সন্দেহভাজনরা ভোর ৩টার কিছু পরে ভবনটির জানালা ভেঙে ভেতরে দাহ্য পদার্থ ঢালার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল আগুন ধরিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটানো। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাহকনা এক্সে দেওয়া পোস্টে লেখেন, রাশিয়াকে এস্তোনিয়ার বিরুদ্ধে যেকোনো বৈরী কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।
তবে সীমান্ত কতদিন বন্ধ থাকবে বা এর কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি। এস্তোনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘ইআরআর’-এর তথ্য অনুযায়ী, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ইউক্রেনের কট্টর সমর্থক দেশ এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার বর্তমানে তিনটি সীমান্ত ক্রসিং নারভা, লুহামা ও কোইদুলা চালু রয়েছে, এই পথ দিয়ে পথচারী ও পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারে।
সীমান্ত বন্ধের এই সিদ্ধান্তের ফলে ভ্রমণকারী এবং পণ্য পরিবহন ব্যবস্থা প্রভাবিত হবে। এর মধ্যে ফিনল্যান্ড ও রাশিয়ার মধ্যে এস্তোনিয়া হয়ে যাতায়াতকারী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত থাকবেন। তারো জানিয়েছেন, বর্তমানে রাশিয়ায় অবস্থানরত এস্তোনিয়ার বাসিন্দা এবং লরি চালকদের জন্য বিধিনিষেধ কার্যকর হওয়ার আগে দেশে ফেরার জন্য প্রায় দুই সপ্তাহ সময় থাকবে।
সূত্র: রয়টার্স।