✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২৩:৪৭:৪৩ |

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ২৪ জেলায় এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬৬ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের ৩৯টি দল একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালায়।

অধিদপ্তর জানায়, বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ, ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি বন্ধে এ তদারকি করা হয়। এ ছাড়া ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার বিষয়গুলোও অভিযানে দেখা হয়।

এ সময় ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

জনসচেতনতা বাড়াতে অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে বলা হয়েছে। কেনাকাটার সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহেরও অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..