✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২১:০৯:২৪ |রংপুরে ট্রাকের ধাক্কায় কাউনিয়া উপজেলায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী সাইফুল কুড়িগ্রাম জেলার রাজারহাট নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট থেকে মোটরসাইকেলে করে রংপুরের দিকে আসছিলেন সাইফুল। তিনি ভেলুপাড়া বাজার এলাকায় এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান সাইফুল। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।