✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২০:৪৮:১১ |দিনাজপুরের বিরলে কওমি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা সোলায়মান আলী বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
নিহত সাফায়েতের বয়স সাত থেকে আট বছর। সে বিরল উপজেলার ভাণ্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে বিরল পৌর শহরের কলেজ রোডে অবস্থিত মাদ্রাসাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার নুরানি শাখার প্রথম শ্রেণিতে ভর্তি হয় সে। সেখানে আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮টার পর মাদ্রাসার একটি শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে শিক্ষকদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতর থেকে সাফায়েতকে উদ্ধার করা হয়। দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাদ্রাসার মুহতামিম মোকাররম হোসেনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে মাদ্রাসার হেফজ বিভাগের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে (১৩) আটক করা হয়। মোকাররমের সঙ্গে আব্দুল্লাহর শ্যালক-দুলাভাইয়ের পারিবারিক সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান জানান, নিহত শিশুর বাবা বাদী হয়ে মোকাররম হোসেন ও আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে হত্যা মামলা করেছেন। শনিবার বিরল থানায় ৩০২/৩৪ ধারায় ২২ নম্বর মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধের বিষয়টি ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।