✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২০:৩১:৩১ |নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি।
রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই তাঁরা কাজে যোগ দিয়েছেন। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, শিল্পাঞ্চলের যেসব এলাকায় আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেসব এলাকা চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার কারণে এ পরিস্থিতি বজায় রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দেশের অন্যান্য স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা থাকলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শিল্পাঞ্চলসহ জেলার নিরাপত্তায় ৫৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের সদস্যসংখ্যা তুলনামূলক কম হওয়ায় মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। শ্রমিক অসন্তোষ এড়ানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।