✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২০:৩০:০৫ |ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, গালিগালাজ ও কারাগারে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক। রবিবার সকালে তাঁকে এ নোটিশ দেওয়া হয়। তাঁর লিখিত জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের সঙ্গে নায়েবের দুর্ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। তাঁর জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মী অনিক খান তাঁর বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে ওই কর্মকর্তা অনিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন আবুল কালাম। তাঁদের জেলে পাঠানোর হুমকি দিয়ে তিনি বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এ সময় সাংবাদিকদের আটকে রাখারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ভূমি অফিসের ভেতরে ঘটে যাওয়া ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়েই যেন বিষয়টি শেষ করা না হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট নায়েবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।