✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২০:২৭:১০ |ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে উৎপাদিত পরিচ্ছন্ন বা নবায়নযোগ্য বিদ্যুৎ পূর্বাঞ্চলের শিল্প ও শহরাঞ্চলে সরবরাহের লক্ষ্যে একটি উচ্চ সক্ষমতার ‘বিদ্যুৎ সঞ্চালন করিডোর’ (পাওয়ার করিডোর) নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটি। প্রায় ৬৮ হাজার ৮০০ কোটি রুপি (৭৩৪ কোটি মার্কিন ডলার) ব্যয়ের এই মেগা প্রকল্প শেষ হতে সময় লাগবে প্রায় ছয় বছর।
ভারতের জাতীয় সঞ্চালন প্যানেল গত মঙ্গলবার এক সভার কার্যবিবরণী প্রকাশের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদনের কথা জানায়। ১ হাজার ১৫০ কিলোভোল্ট (কেভি) ক্ষমতাসম্পন্ন এই ব্যবস্থা হতে যাচ্ছে ভারতের ইতিহাসের সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ নেটওয়ার্ক। বর্তমানে দেশটিতে সর্বোচ্চ ৭৬৫ কিলোভোল্টের লাইন ব্যবহৃত হয়। নতুন এই শক্তিশালী নেটওয়ার্ক দেশজুড়ে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।
মূলত ভারতের রাজস্থানের মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে নবায়নযোগ্য জ্বালানি বা পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন দ্রুত হারে বাড়ছে। অন্যদিকে ওডিশার মতো পূর্বাঞ্চলীয় শিল্প এলাকাগুলোতে বিদ্যুতের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার এই ভৌগোলিক দূরত্ব ঘোচাতেই নতুন নেটওয়ার্কটি তৈরি করা হচ্ছে।
প্রকল্পের প্রথম ধাপে ছত্তিশগড়, ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যকে যুক্ত করা হবে। এটি রাজস্থানের ভাদলা সৌর অঞ্চল থেকে পরিচ্ছন্ন বিদ্যুৎ বহনকারী ৬ হাজার মেগাওয়াট সক্ষমতার একটি উচ্চ ভোল্টেজের সঞ্চালন ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে।
বিদ্যমান ৭৬৫ কেভি লাইনে বিপুল পরিমাণ বিদ্যুৎ পরিবহনের জন্য অতিরিক্ত করিডোর ও বিশাল জমির প্রয়োজন হয়। তবে ১ হাজার ১৫০ কেভির উন্নত নেটওয়ার্কের মাধ্যমে তুলনামূলক কম লাইন ও জায়গা ব্যবহার করেই বেশি বিদ্যুৎ পরিবহন করা যাবে। এতে সঞ্চালন লাইনে বিদ্যুতের অপচয়ও উল্লেখযোগ্য হারে কমে আসবে।
ভারত বর্তমানে রেকর্ড গতিতে দেশে নবায়নযোগ্য জ্বালানি এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা সম্প্রসারণ করছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। বর্তমানে তাদের এ ধরনের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৩০০ গিগাওয়াটের বেশি। সূত্র: খালিজ টাইমস