✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

কৃষিসম্পদ ও তরুণ জনগোষ্ঠী থাকা সত্ত্বেও কেন পিছিয়ে পাকিস্তান?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২০:২০:৫৭ |

পাকিস্তানের নীতিনির্ধারকেরা গত ২৫ বছর ধরে দেশের কৃষিসম্পদ, শিল্পের অভিজ্ঞতা, তরুণ জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থানের সুবিধার কথা বলে আসছেন। কিন্তু এত সম্ভাবনা থাকার পরও দেশটির সাধারণ মানুষের কাছে উন্নয়ন ও সমৃদ্ধি সেভাবে পৌঁছায়নি। গত এক প্রজন্মে প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের উন্নয়নের ব্যবধান আরও বেড়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে পাকিস্তানে মাথাপিছু প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির গড় ছিল মাত্র ১ দশমিক ৯ শতাংশ। অথচ এই সময়ে বাংলাদেশে ৪ দশমিক ৫, ভারতে ৪ দশমিক ৯ এবং ভিয়েতনামে প্রবৃদ্ধির হার ছিল ৫ শতাংশ।

গত ১৯ অক্টোবর পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) এক প্রতিবেদনে জানায়, ২০২৫-২৬ অর্থবছরে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৬৫ শতাংশ এবং মাথাপিছু আয় দাঁড়াতে পারে ১ হাজার ৮৯৬ মার্কিন ডলারে। অন্যদিকে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ভারতে ৭ শতাংশ এবং ভিয়েতনামে ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তবে বিশ্বব্যাংক তাদের অক্টোবরের প্রতিবেদনে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্য ও জ্বালানি খাতে সংস্কারের প্রশংসা করেছে, যা ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি হতে পারে। কিন্তু এই স্থিতিশীলতার সুফল পেতে হলে দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।

২০২৬ সালের জুনে প্রকাশিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানে জিডিপির মাত্র ১৪ দশমিক ৩৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। অপর্যাপ্ত বিনিয়োগের কারণে ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হচ্ছে না।

বিনিয়োগকারীদের আস্থাহীনতা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল অবকাঠামো এবং দক্ষ জনবলের অভাব পাকিস্তানের অর্থনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ ব্যবসার খরচ বাড়িয়ে তুলছে। শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার মিল না থাকায় মানবসম্পদেরও সঠিক ব্যবহার হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা। ২০২৫ সালে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখে পৌঁছেছে (বার্ষিক বৃদ্ধির হার ২ দশমিক ০৭ শতাংশ)।

অর্থনৈতিক এই চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান সরকারকে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। রপ্তানি খাতে সম্ভাবনাময় শিল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া, পণ্য ছাড়করণের সময় কমানো এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সঠিক নীতি ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তানও বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের মতো দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..