✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ১৩:৫১:৩৪ |মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ এবং দক্ষিণ চীন সাগরের উত্তেজনাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে বসছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতারা।
১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হবে ১১ সদস্যের আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন।
এবারের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ভারত, কানাডা ও ব্রাজিলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও উপস্থিত থাকবেন। ১৭ নভেম্বর আসিয়ান নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। এছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর—এই ১১টি দেশ নিয়ে গঠিত আসিয়ানের সম্মিলিত জনসংখ্যা প্রায় ৬৯ কোটি ৪০ লাখ।
সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় গত মার্চে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করে ফিলিপাইন।
এছাড়া দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে আসিয়ানের কয়েকটি সদস্যদেশের দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধ, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত উত্তেজনাও আলোচনায় গুরুত্ব পাবে।
মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়েও আলোচনা হবে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে সংঘাত অব্যাহত রয়েছে। আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনাও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারেনি।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তসীমান্ত পরিবেশদূষণ নিয়েও আলোচনা হতে পারে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্যিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আসিয়ানের সদস্যদেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এবারের সম্মেলনের বড় চ্যালেঞ্জ। সূত্র: আল-জাজিরা