✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে আলোচনার টেবিলে বসতে চায় ইউরোপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৩:৪৮:১১ |

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার জানিয়েছেন, পরবর্তী আলোচনায় ইউরোপীয় অংশীদারদের যুক্ত করা হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিদ্ধান্ত নিয়েছে, পাঁচটি দেশ ও জোটের নিজস্ব প্রতিষ্ঠানগুলো মিলে আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব করবে।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন কুশনার। তার সঙ্গে ছিলেন ট্রাম্পের আরেক বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে তারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা করেন।

কুশনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেন, দুই পক্ষই পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। এর ফলে রাশিয়া-ইউক্রেনের ভূখণ্ডগত বিরোধের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী ইউরোপের বৃহত্তর নিরাপত্তাব্যবস্থা নিয়েও আলোচনা করা সম্ভব হবে।

জেলেনস্কি বলেন, ইউরোপকে আলোচনার টেবিলে জায়গা দিতে হবে। যুদ্ধটি ইউরোপের ভূখণ্ডে চলছে এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তার ক্ষেত্রে ইউরোপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপকে আলাদা করে রেখে কোনো চুক্তি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার ডাবলিনে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে ইউরোপের প্রতিনিধিত্ব নিয়ে সিদ্ধান্ত হয়। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও পোল্যান্ড পরবর্তী শান্তি আলোচনায় অংশ নেবে। এসব দেশের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টারা এবং ইইউর প্রতিনিধিরা মিলে ইউরোপীয় দল গঠন করবেন।

কস্তা বলেন, ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিয়ে ইউরোপকে একক কণ্ঠে কথা বলতে হবে। ইউরোপের নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্তে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সম্মেলনে অংশ নেওয়া প্রায় ৪০টি ইউরোপীয় দেশের নেতারাও এ বিষয়ে একমত হন যে, মহাদেশটির নিরাপত্তাকে প্রভাবিত করে এমন কোনো সিদ্ধান্ত ইউরোপের অংশগ্রহণ ছাড়া নেওয়া উচিত নয়।

তবে ইউরোপকে আলোচনায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাশিয়ার অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপীয় দেশগুলো শান্তি প্রক্রিয়ায় প্রকৃতপক্ষে অবদান রাখতে প্রস্তুত কি না, তা আগে বুঝতে হবে। এরপরই আলোচনার পরিধি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

পেসকভের বক্তব্যে বোঝা যায়, ইউরোপের অংশগ্রহণ নিয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। অথচ মার্কিন দূতেরা আগেই জানিয়েছিলেন, পুতিন ইউরোপের অংশগ্রহণে সম্মত হয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বলেছেন, ইউক্রেন যুদ্ধের নির্দিষ্ট বিষয়গুলো আলোচনার আগে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনা করতে চায় মস্কো।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, শান্তি আলোচনায় কে ইউরোপের প্রতিনিধিত্ব করবে, তা নির্ধারণের অধিকার রাশিয়ার নেই। তাঁর মতে, মস্কো এমন শক্তিশালী প্রতিনিধিদের আলোচনায় দেখতে চায় না, যাঁরা রাশিয়ার সর্বোচ্চ দাবির বিরোধিতা করতে পারেন।

এদিকে আবুধাবিতে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনায় কিছু অগ্রগতির কথা জানালেও যুদ্ধের মূল বিরোধগুলোতে বড় কোনো সমঝোতা হয়নি। বিশেষ করে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে দুই পক্ষের অবস্থানের ব্যবধান এখনো রয়ে গেছে। রাশিয়া দনবাসের এমন কিছু এলাকা ছাড়ার দাবি জানাচ্ছে, যেগুলো এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করেছে।

পুতিন ইউক্রেনের ভূখণ্ডগত দাবির পাশাপাশি যুদ্ধ-পরবর্তী সময়ে দেশটিতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন হলে তা যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখার শামিল হবে।

শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত হলে যুদ্ধের ভবিষ্যৎ এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনার পরিধি বাড়তে পারে। তবে মস্কোর আনুষ্ঠানিক সম্মতি, ভূখণ্ডগত বিরোধের সমাধান এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতপার্থক্য দূর না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

তথ্য সূত্র- ফ্রান্স২৪।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..