✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৫:০০:৩৪ |

ইরানের সম্ভাব্য হামলার হুমকির মুখে যুক্তরাজ্যে অবস্থিত দ্বিতীয় একটি সামরিক ঘাঁটি থেকে বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে বেশ কয়েকটি সামরিক বিমান জার্মানি ও অন্যান্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরএএফ মিলডেনহল ঘাঁটির ওপর থাকা হুমকি সাধারণ নাকি সুনির্দিষ্ট, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, সোমবার (৯ নভেম্বর) সকালে দুটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং ট্যাঙ্কার) জার্মানিতে সরিয়ে নেয়া হয়। এ ছাড়া দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকটি ট্যাঙ্কার ও সামরিক বিমান জার্মানি এবং অন্যান্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন কার্যক্রমগত ও অন্যান্য প্রয়োজনে নিয়মিতভাবেই বিমান এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘অন্যান্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে আমরা সাধারণত কোনো মন্তব্য করি না। কার্যক্রমগত প্রয়োজনেই বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত স্থানান্তর করা হয়ে থাকে।’

এর আগে, গত মাসে (অক্টোবর) ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকেও নিজেদের বোমারু বিমান সরিয়ে নিয়েছিল মার্কিন বিমানবাহিনী। ওই ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্ত শুরুর পর এ পদক্ষেপ নেয়া হয়। উল্লেখ্য, ইরানবিরোধী সামরিক অভিযানে ঘাঁটিটি ব্যবহার করা হতো।

ব্রিটিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলার পেছনে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্সি গোষ্ঠীগুলোর হাত রয়েছে। এসব হামলার অনেকগুলোই ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে, যার উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা। কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে নিজেদের লক্ষ্যবস্তুর পরিধি আরও বাড়াতে পারে তেহরান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যকার সংঘাত অবসানের একটি ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ‘কার্যত যুদ্ধ শেষ’ হয়ে গেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অফ ইসরায়েল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..