✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩৮:৫৩ |সিনিয়র পর্যায়ে প্রথমবারের মতো কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিলেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল। স্পেনের দ্বিতীয় বিভাগের দল রিয়াল ওভিয়েদোর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৪৯ বছর বয়সী রাউল ২০২৮ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের রিজার্ভ দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
সোমবার কোচ হুলিয়ান কালোরোকে বরখাস্ত করে ওভিয়েদো। স্পেনের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় তখন নবম স্থানে ছিল দলটি। তার জায়গায় দায়িত্ব পেলেন রাউল।
ওভিয়েদোর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় রাউল বলেন, ‘ফুটবলকে আমি যেভাবে দেখি, তাতে দলের খেলোয়াড়দের প্রতিভাকে সম্মান করার পাশাপাশি তাদের কাছে নিঃশর্ত পরিশ্রমও প্রত্যাশা করি।’
তিনি আরও বলেন, ‘জয়ের জন্য দলকে প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে হবে, যেন সমর্থকেরা তাদের নিয়ে গর্ব করতে পারেন।’
খেলোয়াড় হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল রাউলের। তার সময়ে রিয়াল মাদ্রিদ তিনবার চ্যাম্পিয়নস লিগ এবং ছয়বার স্পেনের লা লিগা জিতেছে।
মাদ্রিদের ক্লাবটির হয়ে ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করেছেন রাউল। পরে জার্মানির শালকে, কাতারের আল সাদ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসের হয়ে খেলেছেন তিনি।
জাতীয় দলের হয়েও উজ্জ্বল ছিলেন রাউল। স্পেনের হয়ে ১০২ ম্যাচে করেছেন ৪৪ গোল।