✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধসহ নানা অভিযোগে অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩৮:০৬ |

ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। এ সপ্তাহেই মার্কিন প্রতিনিধি পরিষদে এ বিষয়ে ভোটাভুটি হতে পারে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার কেনটাকির রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগসংবলিত প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্য দিয়ে প্রস্তাবটির ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটির জন্য দুই দিনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ম্যাসি সাংবাদিকদের বলেন, রিপাবলিকান নেতৃত্ব সরাসরি ভোট এড়াতে প্রক্রিয়াগত কৌশল নিতে পারে। তবে অভিযোগগুলোর প্রতিটি বিষয়ে যথাযথ বিতর্ক ও ভোট হওয়া প্রয়োজন।

প্রস্তাবটি পাস হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন পেতে পারে বলে কংগ্রেসের কয়েকটি সূত্র জানিয়েছে। যদিও এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৩ জানুয়ারি থেকে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।

তবে সিনেটে হেগসেথের দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ, অভিশংসনের চূড়ান্ত সিদ্ধান্তে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। অথচ ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকানদের আসন রয়েছে ৫৩টি।

হেগসেথের পক্ষে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর সাফল্যে হেগসেথের ভূমিকা রয়েছে। ট্রাম্পের ভাষায়, ‘তিনি দুটি যুদ্ধে জয়ী হয়েছেন। তাকে কীভাবে অভিশংসন করা যায়, তা বুঝতে পারছি না।’

পরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনেও ট্রাম্প বলেন, হেগসেথ অভিশংসিত হলেও তিনি তার পাশে থাকবেন। অভিশংসনের উদ্যোগ নেওয়া ম্যাসিকে ‘ব্যর্থ’ বলেও আখ্যা দেন তিনি।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও এ উদ্যোগের বিরোধিতা করেছেন। তার মতে, বিদেশে যুদ্ধ চলার মধ্যে প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের উদ্যোগ নেওয়া মিত্র ও শত্রু উভয়ের কাছেই ভুল বার্তা পাঠাবে।

হেগসেথের বিরুদ্ধে এই উদ্যোগের পেছনে ১৮৭৬ সালের একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গও সামনে এসেছে। সে সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী উইলিয়াম বেলন্যাপ দুর্নীতি ও বিপুল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসিত হয়েছিলেন। তিনি ছিলেন কংগ্রেসের মাধ্যমে অভিশংসিত প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বেসামরিক সামরিক প্রধান।

অভিশংসনের ভোটের আগে তৎকালীন প্রেসিডেন্ট ইউলিসিস গ্রান্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বেলন্যাপ। সিনেটের ইতিহাসবিষয়ক নথি অনুযায়ী, পদত্যাগের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। এরপরও প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করে। তবে সিনেটে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি খালাস পান।

বেলন্যাপের বিপরীতে হেগসেথ পদ ছাড়তে রাজি নন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, কোনো চাপের মুখেই তিনি পিছু হটবেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের দুই দফা অভিশংসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে এটি কাজ করেনি, আমার বিরুদ্ধেও করবে না।’

রিপাবলিকানদের সমর্থন নিয়ে তিনি উদ্বিগ্ন কি না, সোমবার এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘এ নিয়ে আমরা চিন্তিত নই।’ মঙ্গলবার পেন্টাগনে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন তিনি। গত মে মাসের পর এটিই হবে পেন্টাগনে তার প্রথম সংবাদ সম্মেলন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওও হেগসেথের পক্ষে কথা বলেছেন। তিনি অভিশংসনের উদ্যোগকে ‘অন্যায্য’ উল্লেখ করে বলেন, তার মতে হেগসেথ ভালো কাজ করছেন।

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির মধ্যেই এ অভিশংসন উদ্যোগ এসেছে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের প্রভাব পড়ে এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার পথে এগিয়ে যায়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে যুদ্ধ নিয়ে প্রশ্ন তুললেও হেগসেথ একে ‘সাহসী ও ঐতিহাসিক’ সামরিক অভিযান হিসেবে সমর্থন করে আসছেন।

এদিকে হেগসেথের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের অবনতিতে প্রতিরক্ষা খাতে ট্রাম্প প্রশাসনের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের ব্যয় পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা।

ম্যাসি সতর্ক করে বলেছেন, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর হেগসেথের বিরুদ্ধে আরও কঠোর তদন্ত, শুনানি ও বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে। তাই ট্রাম্পের উচিত এখনই তাকে সরিয়ে সিনেটে নতুন কাউকে নিয়োগের অনুমোদন নেওয়া।

ডেমোক্র্যাটরাও হেগসেথের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি তদন্তের আওতায় আসতে পারে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস রোববার বলেছেন, হেগসেথকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে তিনি দৃঢ়ভাবে ভোট দেবেন।

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমারও হেগসেথের বিচার দাবি করেছেন। তার অভিযোগ, কংগ্রেসের পাস করা একাধিক ওয়ার পাওয়ারস রেজল্যুশন উপেক্ষা করে হেগসেথ সংবিধান লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন।

অভিশংসন প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ ও অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘন।

গত বছর কেলিসহ সামরিক ও গোয়েন্দা বাহিনীর সাবেক অভিজ্ঞতাসম্পন্ন ছয় ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন সেনাদের অবৈধ আদেশ পালন না করার আহ্বান জানিয়েছিলেন। এর জেরে হেগসেথ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিচারের উদ্যোগ নেন। সে সময় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এমন কর্মকাণ্ডের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথাও উল্লেখ করেছিলেন।

সব মিলিয়ে ইরান যুদ্ধ, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..