✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

টেস্টে জিম্বাবুয়ের ইতিহাস, শারজায় গড়ল একের পর এক রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩৭:১৪ |

আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করে টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে অনন্য কীর্তি গড়েছে তারা। ম্যাচে দুই দলের ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্সে তৈরি হয়েছে আরও বেশ কিছু রেকর্ড। একনজরে দেখে নেওয়া যাক শারজাহ টেস্টের উল্লেখযোগ্য পরিসংখ্যান—

১ — টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে একটি ম্যাচের দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করেছে জিম্বাবুয়ে। দুই ইনিংস মিলিয়ে তাদের সংগ্রহ ১ হাজার ২৭ রান, যা টেস্টে কোনো দলের চতুর্থ সর্বোচ্চ। সব মিলিয়ে এটি হাজার বা তার বেশি রান করা সপ্তম দল। এর আগে ২০০০ সালে নাগপুরে ভারতের বিপক্ষে এক ম্যাচে জিম্বাবুয়ের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৮৮৫ রান।

১ — আফগানিস্তান ও জিম্বাবুয়ের শারজা টেস্টই প্রথম ম্যাচ, যেখানে তিনটি ইনিংসে ৫০০ বা তার বেশি রান হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে মাত্র দুটি ম্যাচে এমন ঘটনা ঘটেছে। ১৯৪৮-৪৯ মৌসুমে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মহারাষ্ট্র ও বোম্বের ম্যাচ এবং ২০০১ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ার ও নটিংহ্যামশায়ারের মধ্যকার ম্যাচে তিনটি ইনিংসে ৫০০ বা তার বেশি রান হয়েছিল।

৭ — শারজা টেস্টে হয়েছে সাতটি ব্যক্তিগত সেঞ্চুরি। পুরুষদের টেস্ট ক্রিকেটে এটি ১১তম ম্যাচ, যেখানে সাত বা তার বেশি সেঞ্চুরি হয়েছে। এর চেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে মাত্র দুটি ম্যাচে। ২০০৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার টেস্টে এবং ২০১৩ সালে গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের টেস্টে হয়েছিল আটটি করে সেঞ্চুরি।

৪০ বছর ২৭২ দিন — পুরুষদের টেস্টে ম্যাচসেরার পুরস্কার জেতা দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার ব্রেন্ডন টেলর। তার চেয়ে বেশি বয়সে এই পুরস্কার জিতেছেন কেবল গ্রাহাম গুচ। ১৯৯৪ সালে নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১০ রান করার সময় তার বয়স ছিল ৪০ বছর ৩১৪ দিন।

৪১ বছর ৭৮ দিন — শারজাহ টেস্ট শুরুর সময় ক্রেইগ আরভিনের বয়স। টেস্টে দ্বিশতক করা তৃতীয় বয়স্ক ব্যাটার তিনি। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৬ রান করার সময় এরিক রোয়ানের বয়স ছিল ৪২ বছর ৬ দিন। আর ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১১ রান করার সময় জ্যাক হবসের বয়স ছিল ৪১ বছর ১৯৫ দিন।

জিম্বাবুয়ের হয়ে টেস্টে সেঞ্চুরি করা সবচেয়ে বয়স্ক ব্যাটারও এখন আরভিন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন টেলর। এর আগে রেকর্ডটি ছিল আরভিনেরই।

৫ — আরভিনসহ জিম্বাবুয়ের হয়ে টেস্টে দ্বিশতক করেছেন মোট পাঁচজন ব্যাটার। অ্যান্ডি ফ্লাওয়ারের পর প্রথম জিম্বাবুইয়ান হিসেবে দ্বিশতক করলেন আরভিন। ২০০০ সালে নাগপুরে ভারতের বিপক্ষে অপরাজিত ২৩২ রান করেছিলেন ফ্লাওয়ার। আরভিনের অপরাজিত ২০৬ রান এখন জিম্বাবুয়ের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

৩ — শারজা টেস্টে জিম্বাবুয়ের তিন ব্যাটার সেঞ্চুরি ও ফিফটি করেছেন। তারা হলেন ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরে। একই টেস্টে তিন ব্যাটারের সেঞ্চুরি ও ফিফটি করার ঘটনা এই প্রথম নয়। এর আগে দ্বিতীয় দল হিসেবে এমন কীর্তি গড়েছিল পাকিস্তান। ১৯৭৬ সালে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাজিদ খান, জাভেদ মিয়াঁদাদ ও মুশতাক মোহাম্মদ এই কীর্তি গড়েন। টেস্ট ক্রিকেটে আরও সাতটি ম্যাচে দুই দলের তিন ব্যাটার সেঞ্চুরি ও ফিফটি করেছেন।

শারজা টেস্টে দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ের চারটি ব্যক্তিগত সেঞ্চুরি হয়েছে, যা এক টেস্টে তাদের সর্বোচ্চ।

৭ — অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি ও ফিফটি করা ক্রিকেটারের সংখ্যা। সর্বশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন বেনেট। জিম্বাবুয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করেছিলেন টেলর। গত মাসে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন রহমত শাহ।

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরির পর শারজাহয় জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৩ রান করেছেন রহমত। অধিনায়ক হিসেবে প্রথম তিন টেস্ট ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলা দ্বিতীয় ব্যাটার তিনি। এর আগে বিরাট কোহলি অধিনায়ক হিসেবে প্রথম তিন ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন।

৩৪৩ — শারজা টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩৪৩ রান দিয়েছেন জিয়া-উর-রেহমান। টেস্টের ইতিহাসে এক ম্যাচে কোনো বোলারের তৃতীয় সর্বোচ্চ রান খরচ এটি। ১৯৩০ সালে কিংস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টমি স্কট দিয়েছিলেন ৩৭৪ রান। ২০০৮ সালে নাগপুরে ভারতের বিপক্ষে জেসন ক্রেজা দিয়েছিলেন ৩৫৮ রান। জিয়া-উর-রেহমানই প্রথম বোলার, যিনি একটি টেস্টের দুই ইনিংসেই ১৫০ বা তার বেশি রান দিয়েছেন।

৩ — শারজা টেস্ট পুরুষদের ক্রিকেটের মাত্র তৃতীয় ম্যাচ, যেখানে ৪০ বছর বা তার বেশি বয়সী একাধিক ব্যাটার সেঞ্চুরি করেছেন। ১৯২৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ারেন বার্ডসলে ও জ্যাক হবস দুজনই ৪৩ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন। একই ম্যাচে ৪০তম জন্মদিন উদ্‌যাপন করা চার্লস ম্যাকার্টনিও সেঞ্চুরি করেছিলেন। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন মিসবাহ-উল-হক। ৪০ বছর পেরিয়ে কোনো ব্যাটারের দুই ইনিংসেই সেঞ্চুরি করার সেটিই একমাত্র ঘটনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..