✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩৪:৩২ |ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে মাইকেল ক্যারিকের বিদায় এখন অনেকটাই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। দলটির সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাকে বরখাস্ত করার সুপারিশ করতে পারেন ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।
গত ২৫ অক্টোবর বোর্নমাউথের কাছে নিজেদের মাঠে ৩-০ গোলে হারের পরও ক্যারিকের ওপর আস্থা রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে পরিস্থিতি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।
বিবিসি স্পোর্টকে একাধিক সূত্র জানিয়েছে, বোর্ড এখনো সেই প্রক্রিয়াতেই এগোচ্ছে। ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে ক্লাবের প্রধান নির্বাহী ওমর বারাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স সংখ্যালঘু মালিক স্যার জিম র্যাটক্লিফ ও গ্লেজার পরিবারের কাছে ক্যারিককে বরখাস্ত করার সুপারিশ করবেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে ইউনাইটেড। এই ফলের পর পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে থাকা দলটি গত ৪০ বছরের মধ্যে ঘরোয়া প্রতিযোগিতায় সবচেয়ে বাজে মৌসুম শুরু করেছে।
ক্যারিকের বিকল্প খুঁজতে গত অক্টোবরেই নিউক্যাসলের সাবেক কোচ এডি হাওয়ে এবং জার্মানির সাবেক কোচ ইউলিয়ান নাগলসমানের সঙ্গে যোগাযোগ করেছিল ইউনাইটেড—এমন খবর প্রকাশ করেছিল বিবিসি স্পোর্ট।
চেলসির সাবেক কোচ আন্তোনিও কন্তে ইউনাইটেডের দায়িত্ব নিতে আগ্রহী বলে জানা গেছে। এ ছাড়া একাধিক সূত্র বিবিসি স্পোর্টকে জানিয়েছে, টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোও ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী।
গত আগস্টে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন পচেত্তিনো। তবে চুক্তিতে এমন কিছু শর্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু বড় ক্লাবের দায়িত্ব নেওয়ার সুযোগ পেতে পারেন তিনি।
আগামী ১৪ ও ১৮ নভেম্বর হাইতির বিপক্ষে দুই লেগের কনকাকাফ নেশনস লিগের প্লে-অফ খেলবে যুক্তরাষ্ট্র।