✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

তারেক রহমান ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত: রিজভী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩১:৩৪ |

প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিক বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন্তব্য করেন। 

রিজভী বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। এমন সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্বাচনের আগেই তিনি অঙ্গীকার করেছিলেন, দল ক্ষমতায় এলে এসব প্রতিশ্রুতি পালন করা হবে। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

তিনি আরও বলেন, ‘এই সুন্দর পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে। ভয়ংকর বৈশ্বিক উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষা করে বাসযোগ্য রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের যেসব প্রভাব আমরা দেখছি, তা কাটিয়ে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে এই আন্তর্জাতিক সম্মেলন একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি।’

মানবজাতি আজ বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি উল্লেখ করে রিজভী বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনা থেকে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে। তিনি প্রত্যাশা করেন, পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অগ্রভাগে থাকায় আন্তর্জাতিক তহবিল ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে এই সম্মেলন।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..