✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

এনভিডিয়া প্রধানকে নিয়ে এফবিআইয়ের তদন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:২৭:৩৩ |

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাতে এ তথ্য জানান হয়।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি জেনসেন হুয়াংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। হুয়াংকে জিজ্ঞেস করেছিলেন, ওই নারী চীনা গুপ্তচর বলে তার কোনো ধারণা ছিল কি না। জবাবে হুয়াং বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি তাকে বিশ্বাস করি।’

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, এফবিআই বিষয়টি তদন্ত করছে। তবে তদন্ত কবে শুরু হয়েছে বা এর পরিধি কতটুকু, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে এফবিআই মন্তব্য করতে রাজি হয়নি।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, অ্যালিস হুয়াং (হুয়াং লে নামেও পরিচিত) বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। গত বসন্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে এনভিডিয়া প্রধানের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সতর্ক করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। তবে তিনি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আত্মীয় নন।

এদিকে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হুয়াংকে লক্ষ্য করে গুপ্তচরবৃত্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।

এনভিডিয়া জানিয়েছে, অ্যালিস হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে তারা স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে কোম্পানির গোপন তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কারণ তাদের কাছে নেই।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত কম্পিউটার চিপ তৈরি করে। এ সংবাদ প্রকাশের পর সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। এতে এক দিনেই কোম্পানিটির বাজারমূল্য থেকে প্রায় ২৫ হাজার কোটি ডলার কমে যায়।

এদিকে সোমবার ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবিত একটি ক্লাস অ্যাকশন মামলায় জেনসেন হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগ, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সিইওর সম্পর্কের বিষয়টি গোপন রেখে কোম্পানিটি গণমাধ্যমকে বিভ্রান্ত করেছে। ওই নারী এনভিডিয়ার পণ্য চীনে পাচারে সহায়তা করার চেষ্টা করেছিলেন বলেও মামলায় সন্দেহ প্রকাশ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এনভিডিয়া এখনো মন্তব্য করেনি।

ট্রাম্প বলেন, তিনি মনে করেন জেনসেন হুয়াং একজন ‘সম্মানিত ব্যক্তি’ এবং তদন্ত শেষে তিনি ভালো অবস্থানে থাকবেন। প্রেসিডেন্ট আরও বলেন, হুয়াংকে নিয়ে তিনি উদ্বিগ্ন এবং তার সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন তিনি কেমন আছেন।

হুয়াং নিজেও এর আগে স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে সোমবার তিনি বলেন, এনভিডিয়াকে সুরক্ষিত রাখা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় সহায়তা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানির শুরু করা তদন্তেও সহযোগিতা করবেন।

এদিকে মার্কিন কংগ্রেসের কয়েকটি কমিটি আগামী সপ্তাহে যৌথভাবে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিতে হুয়াংকে অনুরোধ জানিয়েছে। কমিটিগুলোর চেয়ারম্যানদের পাঠানো চিঠিতে বিদেশি প্রতিপক্ষের গুপ্তচরবৃত্তি মোকাবিলায় এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা এবং চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন সম্পদ হিসেবে উল্লেখ করা মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। হুয়াং ওই বৈঠকে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতায় এনভিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এআই মডেল পরিচালনার জন্য প্রয়োজনীয় উন্নত চিপ তৈরিতে কোম্পানিটির আধিপত্যের কারণে এর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ ওয়াশিংটনের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

চীনে উন্নত চিপ বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে আসছেন হুয়াং। তার যুক্তি, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে এআইয়ের বৈশ্বিক সম্প্রসারণ হলে তা দেশটির জন্যই বেশি লাভজনক হবে।

তবে চীনের প্রযুক্তি খাত যাতে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যেতে না পারে, সে কারণে এনভিডিয়ার উন্নত চিপ বিক্রিতে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ আরোপ করেছে ওয়াশিংটন। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট শর্তে চীনা গ্রাহকদের কাছে এনভিডিয়ার এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেয়। তবে কোম্পানিটির সবচেয়ে উন্নত এআই চিপগুলোর মধ্যে জিবি২০০ ব্ল্যাকওয়েল এখনো চীনের বাজারে বিক্রির অনুমতি পায়নি। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..