✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:১৯:২২ |চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে একাধিক টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টায় অংশ নেওয়া ব্যক্তিদের কারও মাথায় হেলমেট, আবার কারও মুখে মুখোশ ছিল। তারা সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশের পৌঁছানোর আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান তারা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ যাওয়ার আগেই তারা সরে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।