✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১০, | ০১:৩৪:৩৪ |স্মার্টফোনে অ্যাপ খুলতে গিয়ে অনেক সময় ইন্টারফেস, ছবি বা লেখা লোড হতে দেরি হয়। প্রথমে নির্দিষ্ট অ্যাপের সমস্যা মনে হলেও অন্য অ্যাপেও একই ঘটনা ঘটলে বোঝা যায়, ফোনের সামগ্রিক কার্যক্ষমতা কমেছে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিভিন্ন সমস্যায় এমন হতে পারে।
জনপ্রিয় ব্র্যান্ড হলেও স্যামসাংয়ের ফোনেও এ সমস্যা দেখা যায়। পর্যাপ্ত র্যাম বা স্টোরেজের অভাব কিংবা ওয়ান ইউআইয়ের কার্যক্ষমতার সমস্যাও এর কারণ হতে পারে। কারণ জানা থাকলে কিছু ক্ষেত্রে নিজেই সমাধান করা সম্ভব।
১. ভার্চুয়াল র্যামের ওপর অতিরিক্ত নির্ভরতা
ফোনের স্বাভাবিক কার্যক্রমে র্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত বেশি র্যাম থাকলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো সহজ হয়। স্মার্টফোনে অন্তত ৮ গিগাবাইট র্যাম থাকা ভালো। তবে কম দামের অনেক ফোনে র্যামের পরিমাণ কম থাকে। যেমন, স্যামসাং গ্যালাক্সি এ১৭ ফাইভজি ফোনে রয়েছে ৪ গিগাবাইট র্যাম।
র্যামের ঘাটতি পূরণে স্যামসাংয়ের রয়েছে ‘র্যাম প্লাস’ সুবিধা। এতে ফোনের অভ্যন্তরীণ স্টোরেজের একটি অংশ ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা যায়। ফলে ৪ গিগাবাইট র্যামের ফোনেও অতিরিক্ত র্যাম ব্যবহারের সুবিধা পাওয়া যায়। তবে এ প্রযুক্তিতে তথ্য সংকুচিত করতে প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়ে। কম দামের ফোনে তুলনামূলক দুর্বল চিপসেট থাকায় এতে গতি কমে যেতে পারে।
এ কারণে পর্যাপ্ত প্রকৃত র্যাম থাকলে র্যাম প্লাস সুবিধা বন্ধ রাখার পরামর্শ দেন কিছু বিশেষজ্ঞ। র্যাম খুব কম হলে নতুন ফোন কেনার বিষয়টিও বিবেচনা করতে পারেন।
২. সফটওয়্যার হালনাগাদ না করা
ফোনের সফটওয়্যার হালনাগাদ করলেই যে ধীরগতির সমস্যা দূর হবে, তা নয়। আপডেটের পর নতুন সফটওয়্যারের সঙ্গে মানিয়ে নিতে অ্যাপ ও অপারেটিং সিস্টেমকে কিছু ফাইল নতুন করে সাজাতে হয়। এতে সাময়িকভাবে ফোনের গতি কমতে পারে।
অন্যদিকে নিয়মিত আপডেট না করলেও নিরাপত্তা ত্রুটি, সফটওয়্যারের ভুল এবং অ্যাপের সঙ্গে সামঞ্জস্যের সমস্যা দেখা দিতে পারে। পুরোনো সফটওয়্যারে নতুন অ্যাপ চালাতে প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়তে পারে। তাই ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত হালনাগাদ রাখা উচিত। আপডেটের পর ফোনকে নতুন সফটওয়্যারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে।
৩. স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যাওয়া
ফোনের অভ্যন্তরীণ স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে গেলে কার্যক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ না থাকলে সমস্যা বাড়ে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস২১ সিরিজের পরের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে মেমোরি কার্ড ব্যবহারের স্লট নেই।
ফোনের স্বাভাবিক কার্যক্রমের জন্য সাময়িক ফাইল, অ্যাপের ক্যাশ ও ভার্চুয়াল মেমোরি সংরক্ষণে খালি জায়গা প্রয়োজন। স্টোরেজ পূর্ণ হলে নতুন তথ্য সংরক্ষণ ও পুরোনো তথ্য ব্যবস্থাপনায় ফোনকে বাড়তি কাজ করতে হয়। এতে গতি কমে যেতে পারে।
তাই মোট স্টোরেজের অন্তত ১০ থেকে ১৫ শতাংশ খালি রাখার পরামর্শ দেওয়া হয়। অপ্রয়োজনীয় ফাইল, অব্যবহৃত অ্যাপ ও ক্যাশ মুছে জায়গা খালি রাখতে পারেন।
৪. ফোন অতিরিক্ত গরম হওয়া
ফোন অতিরিক্ত গরম হলে এর কার্যক্ষমতা কমে যেতে পারে। চার্জ দ্রুত শেষ হওয়া ও ফোন গরম হওয়ার সমস্যা একসঙ্গে দেখা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ফোন চার্জ দেওয়া বা ব্যবহারের সময় রাসায়নিক বিক্রিয়ায় তাপ তৈরি হয়। এ ছাড়া প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়লেও ফোন গরম হতে পারে।
অতিরিক্ত তাপ বের হতে না পারলে ‘থার্মাল থ্রটলিং’ সমস্যা দেখা দেয়। এ সময় হার্ডওয়্যারের ক্ষতি এড়াতে ফোনের প্রসেসর ও গ্রাফিকস প্রসেসরের কার্যক্ষমতা কমিয়ে দেওয়া হয়। ফলে ফোনের গতি কমে যায়।
তাপ নিয়ন্ত্রণে ফোনে ভ্যাপার চেম্বার ও গ্রাফাইটের স্তরের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে ভারী কাজের চাপে এসব ব্যবস্থা যথেষ্ট না হলে ফোন অতিরিক্ত গরম হতে পারে। এমন পরিস্থিতিতে ফোনের ওপর কাজের চাপ কমিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়া উচিত।