✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে সর্বনাশ, দুইদিনে দুই সন্তানের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ০১:৩২:৩০ |

মোহাম্মদ কবির ও আমেনা বেগম। তাদের দুই সন্তান- নুর মোহাম্মদ আরাফাত (১০) ও দশ মাস বয়সী আবু বকর আরাব। মাত্র দুই দিনের ব্যবধানে দুই সহোদর হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যায়।      

ডেঙ্গু ও হামে মুহূর্তেই শূন্য হয়ে যায় একটি পরিবার। সর্বনাশ হয়ে গেল কবির-আমেনা দম্পতির। দুই সন্তান হারানোর পর কাউকে চিনতে পারছেন আমেনা। এমনকি নিজের স্বামী কবিরকেও। এখন কী নিয়ে বাঁচবেন কবির-আমেনা। কেমনে সইবে এই শোক।     

কবিরের বড় ছেলে আরাফাত নগরের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা হিলভিউ আবাসিক এলাকায় থাকেন। কবির একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বাড়ি ময়মনসিংহ। দুই ছেলে ও স্ত্রী নিয়ে বেশ সুখের সংসারই ছিলো। কিন্তু হাম ও ডেঙ্গু সব সুখ কেড়ে নিয়ে একেবারেই নিঃস্ব করে দিল। দুই ছেলের চিকিৎসা চালাতে গিয়ে অনেক ঋণ করতে হয়েছে চাকরিজীবী কবিরকে। 

সোমবার দুপুরে নগরের হিলভিউ আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, এলাকাটি পুরাই শোক সন্তপ্ত হয়ে গেছে। সবার মুখে মুখে ফিরছে- ডেঙ্গুতে এক পরিবারে দুই সন্তান চলে যাওয়ার বিষয়টি। শান্তনা দেওয়ার ভাষাও নেই কারো কাছে।  

জানা যায়, গত প্রায় ২০ দিন আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি শুরু হয়। অসুস্থতা বাড়লে তাকে প্রথমে নগরের সাউদার্ন হাসপাতাল, পরে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। ইম্পেরিয়ালে কয়েক দিন চিকিৎসার পরও আরাফাতের অবস্থার উন্নতি হয়নি। বরং শ্বাসকষ্ট বাড়ে। সঙ্গে বাড়ে চিকিৎসার খরচ। তাই ছেলেকে নেয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। রাখা হয় আইসিইউতে। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দেয়। গত শুক্রবার সকালে ছেলের জন্য ওষুধ আনতে যান কবির। তখনই হয়ে যায় সর্বনাশটা- খবর আসে আরাফাতের মৃত্যুর। গত শুক্রবার বিকালে নগরের মোমেনবাগ আবাসিক এলাকা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এরই মধ্যে ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে আরাফাতের দশ মাস বয়সী ছোট ভাই আবু বকর আরাব। তাকেও ভর্তি করা হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে, পরে নেয়া হয় আইসিইউতে, এরপর লাইফ সাপোর্টে। গত রবিবার দিনগত রাত ১টার দিকে আরাবও না ফেরার দেশে চলে যায়। সকালে তাকেও বড় ভাইয়ের পাশে দাফন করা হয়।  

মো. কবির বলেন, বড় ছেলের মুত্যুর পর আমার স্ত্রী অসংলগ্ন কথা ও আচরণ শুরু করছেন। ছোট সন্তানের মৃত্যুর পর সে আমাকেও চিনতেছে না। পালিয়ে বেড়াচ্ছে। ছেলেকে শেষবারের মতো দেখতে আনা হলে সে বলছে ‘এখানে কেউ আছে।’ দুই দিনের ব্যবধানে দুইটা ছেলেকে হারিয়ে এখন আমি কই যাব। কী নিয়ে বাঁচব। আমাদের তো আর কিছুই বাকি থাকল না। আমরা মা-বাবা দুই সন্তান নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু হাসপাতাল থেকে শূন্য হাতেই ফিরেছি।  

মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক ডা. দিদারুল আলম বলেন, গত রবিবার রাত ১টার পর মোহাম্মদ আবু বক্কর মারা যায়। এর আগে গত শুক্রবার সকালে মারা গিয়েছিল তার বড় ভাই নূর মোহাম্মদ আরাফাত। তাদের ডেঙ্গু এবং হাম দুটোই এক সঙ্গে  হয়েছিল। পরে নিউমোনিয়া হয়। ব্রেইনে ইনফেকশন ছড়িয়ে পড়ে। সব রকম চেষ্টা করেছি। মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। দুর্ভাগ্য একটি পরিবারের দুটি সন্তানই চলে গেল।   

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যান ৪২ জন এবং আক্রান্ত হন ৭ হাজার ৭১৬ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩ হাজার ৫৫০ জন, মহিলা ২ হাজার ৩২৪ জন ও  শিশু ১ হাজার ৮৪২ জন। মৃতদের পুরুষ ৭ জন, মহিলা ২১ জন ও শিশু ১৪ চারজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..