✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৫:৩১:১৪ |নেত্রকোনার মদনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা উল্টে আনোয়ারা বেগম (৭০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে মদন-নেত্রকোনা সড়কের পৌর এলাকার সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে অটোরিক্সা যোগে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন ৭০ বছর বয়সের বৃদ্ধ আনোয়ারা বেগম। পথে ভূইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর সড়কের মাঝবরাবর চলে আসলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে রিক্সায় থাকা বৃদ্ধ নারী নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।