✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৫:০১:১৯ |রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাত ঘণ্টার ব্যবধানে চারজন নিহত হয়েছেন। এ দুই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৩টার দিকে কদমতলীর পোস্তগোলায় ট্রাকের চাপায় দুই অটোরিকশাচালক নিহত হন। এর প্রায় সাত ঘণ্টা পর সকাল সোয়া ১০টার দিকে উত্তরার ১ নম্বর সেক্টরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন নিহত হন।
উত্তরার দুর্ঘটনায় নিহতরা হলেন- পুরোনো লোহা কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত আরিফুর রহমান আরিফ (৪৫) ও তাঁর সঙ্গে থাকা ফালু মিয়া (৫০)।
বিমানবন্দর থানার এসআই মো. মানিক মাহমুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরের জিন জিয়ান রেস্টুরেন্টের সামনে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে বেলা ১১টা ৫৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পিকআপভ্যানের চালকও আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আরিফুর রহমানের চাচাতো ভাই মনিরুজ্জামান মনির জানান, আরিফ পোস্তগোলায় পুরোনো লোহা কেনাবেচার একটি দোকানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। সকালে ফালু মিয়াকে সঙ্গে নিয়ে উত্তরায় মালামাল দেখতে যাচ্ছিলেন তিনি। পথে এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।
আরিফুর রহমান পাবনার বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামের আউয়াল মিয়ার ছেলে। তিনি ডেমরার কোনাপাড়ায় বসবাস করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে রাজধানীর কদমতলীর পোস্তগোলায় ট্রাকের চাপায় দুই অটোরিকশাচালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)। তাঁরা দুজনই যাত্রীর অপেক্ষায় অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে তুলে দেয়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনও মারা যান। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন।
নিহত জাকির হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিন্নাত আলীর ছেলে। তিনি কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথা এলাকায় থাকতেন। আর জাহাঙ্গীর পটুয়াখালী সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে। তিনি নামা শ্যামপুর এলাকায় বসবাস করতেন।
কদমতলী থানার এসআই মো. জামাল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।