✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৩:১০:৪২ |মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম।
কংগ্রেস নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের বড় ধরনের হারের ফলে ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি কমতে পারে এমন ধারণা থেকে তেলের বাজারে এই দরপতন দেখা দিয়েছে বলে জানায় বার্তাসংস্থা আল-জাজিরার।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৫টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম শূণ্য দশমিক ৮৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ৭৫ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৮২ সেন্টে নেমে আসে।
এর আগের লেনদেনেও উভয় বেঞ্চমার্কের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। এতে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দর।
বাজার বিশ্লেষকদের ধারণা, কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তিশালী অবস্থানের কারণে ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কিছুটা সীমিত হতে পারে। এতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বিস্তৃত করার ক্ষেত্রে রাজনৈতিক বাধার মুখে পড়তে পারেন তিনি।
এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া ট্রাম্পের তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনাই তেলের বাজারে দরপতনের অন্যতম কারণ হিসেবে কাজ করছে।