✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৩:০৯:৫১ |জয়পুরহাটে বাসচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়া বাড়ী স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত যুবক ইমন হোসেন। তিনি জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাসস্ট্যান্ডে যাচ্ছিলো জেড প্লাস নামে একটি পরিবহন। পথিমধ্যে কাশিয়া বাড়ী এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। পরে একজন আরোহী চলন্ত বাসের ভেতরে ঢুকে গেলে বাসটি না দাঁড়িয়ে চলে যেতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা বাসটিকে আটকে দিলে যাত্রীরা নিরাপদে নেমে পড়েন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসের ভিতরে আগুন ধরে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।
এদিকে এ ঘটনায় একজনকে আহত অবস্থায় জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।