✕


সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে মুস্তাফিজ, তাকে ঘিরে বিশেষ আয়োজন মেলবোর্নে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ০১:৫৯:৫৯ |
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিবিএলের ১৬তম আসরের জন্য তাকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। ইনজুরিতে ছিটকে যাওয়া জেসন বেহরেনডর্ফের বিকল্প হিসেবে দলে যোগ দেবেন ৪০০-এর বেশি টি-টোয়েন্টি উইকেটের মালিক এই পেসার।

মুস্তাফিজের আগে বিগ ব্যাশে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। তাদের পর তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে দেখা যাবে ‘দ্য ফিজ’কে।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) নিজের দলের হয়ে খেলা শেষ করে রেনেগেডসে যোগ দেয়ার কথা মুস্তাফিজের। ডেথ ওভারে বোলিংয়ের জন্য একজন কার্যকর বিকল্প খুঁজছিল দলটি। বাঁহাতি পেসার বেহরেনডর্ফ পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়ায় মুস্তাফিজের প্রতি আগ্রহ আরও বেড়েছে তাদের।

রেনেগেডসে যোগ দেয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘প্রথমবারের মতো মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিতে খেলা আমার জন্য বিশেষ কিছু হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের জন্য অবদান রাখতে আমি রোমাঞ্চিত।’

বুধবার সংবাদ সম্মেলনে রেনেগেডসের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট জানান, শুরু থেকেই তাদের পছন্দের তালিকায় ছিলেন বাংলাদেশের এই পেসার। বেহরেনডর্ফের অনুপস্থিতি মুস্তাফিজকে দলে নেয়ার সিদ্ধান্তকে আরও জোরালো করেছে।

অ্যাবট বলেন, ‘ম্যাচের শেষ ভাগে আমাদের এমন একজন বোলার দরকার ছিল, যার ওপর ভরসা করা যায়। আর আমরা জানি, এই ভূমিকায় মুস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের কাছে মুস্তাফিজ পরিচিত মুখ বলেও মনে করেন রেনেগেডসের এই কর্মকর্তা। বিশ্বকাপে নিয়মিত খেলা এবং তার ব্যতিক্রমী স্লোয়ার ও ডেথ ওভারের বোলিং দক্ষতা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে বলে আশা তার।

আইএলটি-টোয়েন্টির সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় রেনেগেডসের হয়ে মৌসুমের উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজের খেলা অনিশ্চিত। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, তা নির্ভর করবে আইএলটি-টোয়েন্টিতে তার দলের অগ্রগতির ওপর।

তবে আপাতত ২২ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার পরিকল্পনা করছে রেনেগেডস। ম্যাচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)।

মুস্তাফিজকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আগ্রহ তৈরি করতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এমসিজিতে ১ ও ১৬ জানুয়ারির হোম ম্যাচে তার সমর্থকদের জন্য ‘ফিজ বে’ নামে বিশেষ গ্যালারি-সেকশন রাখার পরিকল্পনা করেছে রেনেগেডস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..