ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেটে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, দলের অন্যতম প্রধান স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম ‘ভীষণ উদ্বেগজনক’। প্রয়োজনে তাকে ছাড়াই মাঠে নামার বিষয়টি ভাবছে বাংলাদেশ।
বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুল শেষ চার টেস্টে পেয়েছেন ৫ উইকেট। জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নেয়ার পর থেকেই তার পারফরম্যান্সে ভাটা। এ সময়ে চোটও ভুগিয়েছে তাকে, বিশেষ করে বাঁ কাঁধের সমস্যা।
সিলেট টেস্টের আগে সিমন্স বলেন, ‘তাইজুল আমাদের দলের অন্যতম প্রধান স্পিনার। তার ফর্ম নিয়ে আলোচনা তার নিজের জন্যও উদ্বেগের, দলের জন্যও। তিনি আমাদের বড় অস্ত্র।’
তাইজুলকে বাদ দিয়ে, এমনকি বাঁহাতি স্পিনার ছাড়াই খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নে কোচ বলেন, বিষয়টি দলকে ভাবতে হবে।
তবে বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটিং। ডারউইনে টেস্ট জয়ের পর থেকে কোনো ফরম্যাটেই জিততে পারেনি দল। এশিয়ান গেমসের দুই ম্যাচ, সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এবং ঢাকা টেস্ট; সবখানেই হতাশ করেছে বাংলাদেশ। সিমন্সের ভাষ্য, ডারউইনের পর থেকে ব্যাটিং ভালো হয়নি। অনুশীলনে কঠোর পরিশ্রম থাকলেও তা ম্যাচে প্রয়োগ করতে পারছে না দল।
ঢাকা টেস্টে রোস্টন চেজ, জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপের স্পিনে ১৬ উইকেট হারায় বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের স্পিনাররা প্রথম ইনিংসেই ৮ উইকেট নেন। সিমন্স বলেন, প্রতিপক্ষ ভালো বোলিং করেছে, তবে ব্যাটিং, রান তোলা ও রক্ষণ; সব ক্ষেত্রেই বাংলাদেশকে আরও ভালো করতে হবে।
প্রথম টেস্টে কনকাশনে পড়া মুমিনুল হকের অনুপস্থিতিতে তিন নম্বরে খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আঙুলের চোটে প্রথম টেস্টে না থাকা মুশফিকুর রহিম ফিরছেন মিডল অর্ডারে।
মুমিনুলের বদলি হিসেবে দলে যোগ দেয়া অমিত হাসানের একাদশে সুযোগ পাওয়া অনিশ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলা এই উইকেটকিপার-ব্যাটার সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় প্রথম শ্রেণির ডাবল সেঞ্চুরি করেছেন। তার গড় ৬২.২৩। সিমন্সের মতে, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আন্তর্জাতিক পর্যায়েও দেখাতে হবে অমিতকে।
এ জাতীয় আরো খবর..