✕


এইচএসসি ও সমমানের ফলাফল

পাসের হারে মেয়েরা, জিপিএ ৫-এ এগিয়ে ছেলেরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-৩১, | ১৪:০৫:১৯ |

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। অন্যদিকে জিপিএ ৫-এ এগিয়ে রয়েছেন ছেলেরা।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব বোর্ডে ছাত্ররা পাস করেছেন ৪৭ দশমিক ৭৫ শতাংশ, মেয়েরা পাস করেছেন ৫৬ দশমিক ৩১ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছেন ছেলেরা। পাসের হারে মেয়েদের থেকে ছেলেরা ৮ দশমিক ৫৬ শতাংশ পিছিয়ে আছেন।

সারা দেশে জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৩৬৩ ছাত্র। আর ছাত্রীরা জিপিএ ৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন। ছাত্রীদের থেকে ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ ৫ পেয়েছেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে ফল ডাউনলোড করতে হবে।

অন্যদিকে পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘HSC DHA 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর জায়গায় নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার রোল নম্বর বসাতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..