মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় ঝিনাইদহ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাদের শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে থানায় মামলা করা হয়েছিল।
নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি ও এসআইসহ
একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি এজাহার
হিসেবে নথিভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।
মামলার এজাহারভুক্ত আসামি বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেন সর্বশেষ বরিশাল নৌপুলিশে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
এদিকে বিগত সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের বহু নেতাকর্মীকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েকশ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এছাড়া বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..